চিলির সামনে নতুন সূর্যোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরেছেন ভিদাল (মধ্যে)। আগামীকাল উরুগুয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে দুই চিলিয়ান সতীর্থ ভালদিভিয়া ও মেদেলের (ডানে) সঙ্গে অনুশীলনে এই মিডফিল্ডার l এএফপি
সব বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরেছেন ভিদাল (মধ্যে)। আগামীকাল উরুগুয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে দুই চিলিয়ান সতীর্থ ভালদিভিয়া ও মেদেলের (ডানে) সঙ্গে অনুশীলনে এই মিডফিল্ডার l এএফপি

র‌্যাঙ্কিং বলছে, উরুগুয়ে (৮) চিলির (১৯) চেয়ে অনেকটাই এগিয়ে। কিন্তু মাঠের ছবিটা যে একেবারেই অন্যরকম! এখন পর্যন্ত কোপা আমেরিকায় সেরা দলের স্বীকৃতি তো চিলিকে দিয়েই দেওয়া যায়। কাল ভোরের প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চিলি না জিতলেই বরং অঘটন হবে।
ম্যাড়মেড়ে খেলা, গোলখরা, নিষেধাজ্ঞা, মাঠের বাইরের বিতর্ক—এখন পর্যন্ত কোপা আমেরিকার ক্যানভাসটা বেশ বিবর্ণ। তাতে যা-ও একটু সামান্য রঙের ছোপ লেগে আছে, সেটা চিলির কল্যাণেই। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেছে চিলি, অর্ধেক গোলও অন্য কোনো দলের নেই। আর্তুরো ভিদালের মাতাল হয়ে গাড়ি দুর্ঘটনা বিতর্ক উল্টো যেন আরও বেশি তাঁতিয়ে দিয়েছে তাদের। কখনো কোপা জিততে পারেনি চিলি, চারবার হেরেছে ফাইনালেই। সানচেজ, ভিদালদের সোনালি প্রজন্মের সেরা সুযোগ এবারই।
উরুগুয়ে সেই তুলনায় অনেকটাই ধুঁকছে। গ্রুপ পর্বে তিন ম্যাচের একটিতে মাত্র জিতেছে, সেটিও পুঁচকে জ্যামাইকার সঙ্গে। সাকল্যে গোল পেয়েছে মাত্র দুটি। নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেজ নেই, বার্সেলোনা স্ট্রাইকারের অভাবটা প্রকটভাবেই বোঝা যাচ্ছে। সুয়ারেজের অনুপস্থিতিতে যাঁর জ্বলে ওঠার কথা, সেই এডিনসন কাভানিও হারিয়ে খুঁজছেন নিজেকে। এখন পর্যন্ত একটা গোলও পাননি। ওদিকে চিলি শুধু মেক্সিকোর সঙ্গেই পা হড়কেছে, জিতেছে বাকি দুটিতেই। চিলিয়ান মিডফিল্ডার মার্সেলো ডিয়াজ ঘোষণার সুরেই বলে দিচ্ছেন, ‘পরিসংখ্যান বলছে, চিলি গ্রুপ পর্বে দারুণ খেলেছে। আমাদের পারফরম্যান্স প্রতি ম্যাচের সঙ্গে সঙ্গেই ভালো হয়েছে। আমার মনে হয় চিলিই গ্রুপ পর্বের সেরা দলগুলোর একটি। তবে এখন কোয়ার্টার ফাইনালে। এখন প্রতিটি খেলাই জীবন-মৃত্যুর।’
দুই দলের সর্বশেষ সাক্ষাতে অবশ্য শেষ হাসি হেসেছিল উরুগুয়েই। গত নভেম্বরে সান্তিয়াগোয় নিজেদের মাঠে ২-১ গোলে হেরে গিয়েছিল চিলি। ডিয়াজ সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন, ‘দারুণ একটা ম্যাচ হয়েছিল, কিন্তু দুটি ভুল আমাদের ডুবিয়েছিল। উরুগুয়ে খুবই কঠিন একটা প্রতিপক্ষ, আমরা জানি ওরা কীভাবে খেলে। তাদের ধরনটা আমাদের চেয়ে একেবারেই আলাদা। আমরা ওদের শক্তিটা জানি, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা জানি, ওরা খুব একটা ভুল করবে না। বরং আমাদের ভুল থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। বুধবারের ম্যাচে আমরা জীবন দিয়ে দেব।’
ডিয়াজ জানেন, আরাধ্য কোপা জয়ের সেরা সুযোগ এবারই। গোলডটকম।

চিলি–উরুগুয়ে ম্যাচ আগামীকাল ভোর সাড়ে ৫টায়, দেখাবে চ্যানেল ২৪ ও সনি কিক্স