চিলির এত ঝাল!

চিলি। লাল জার্সি তো নেয়, যেন লাল মরিচ! দক্ষিণ আমেরিকার ফুটবলে এখন নতুন পরাশক্তি তারাই। ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈত শাসনের মাঝখানে পুরোনো সম্রাট উরুগুয়ে মাঝেমধ্যেই হুংকার দিয়ে উঠত। কিন্তু চিলি জানিয়ে দিল, এবার শাসন করবে তারা। তারাই তো তারুণ্যের নতুন সেনাদল। নতুন সম্রাট। নতুন শাসক। আজ আবারও আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা জিতে এই বার্তা ছড়িয়ে দিল ‘লা রোজা’রা।
১৯৬২ সালে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপে ফাইনাল থেকে এক ধাপ দূরে পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু সেবার সেমিফাইনালে ভাভা-গারিঞ্চারা চিলির স্বপ্ন দুমড়ে-মুচড়ে দিয়েছিলেন। সেবার তৃতীয় হওয়া চিলির জন্য এরপর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠাই ছিল যেন বড় পাওয়া। সেই চিলি, ১৯৮৭ কোপা আমেরিকার ফাইনালে ওঠা ছিল যাদের ফুটবলের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো, তারাই এখন টানা দুটি কোপা আমেরিকা ট্রফি নিয়ে গেল ঘরে। গতবার নিজ দেশে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারানোর পর এবারও ঠিক একই পুনরাবৃত্তি। ৪-২ ব্যবধানে আজও হারল আর্জেন্টিনা।
ব্রাভো, সানচেজ, ভিদালদের মতো তারকা ফুটবলার; ইসলা, ভারগাস, আরাঙ্গুইজ, গ্যারি মেডেলদের মতো প্রতিভা আর তারকাখ্যাতি কিংবা প্রতিভায় ততটা উজ্জ্বল না হয়েও বাকি সবার সঙ্গে মিলে চিলি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য একটা দল। এ কারণে আর্জেন্টিনার মতো তারকাবহুল দলও চিলিকে এখন কুর্নিশ করছে। এ কারণেই এবারের কোপার শুরুটা একেবারেই যাচ্ছেতাই করে, খাদের কিনার থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। দল হয়ে খেলেছে বলেই টুর্নামেন্টে ১৬ গোল করে উঠে এসেছে ফাইনালে।
চিলির ১৬ গোলের ১০টাই দ্বিতীয়ার্ধে। ম্যাচে কখন তারা রক্ষণাত্মক খেলবে, কখন আক্রমণে যাবে, সবই যেন ছকে বাঁধা। সবাই সবার ভাষা বোঝে। আর এই বোঝাপড়াটা দারুণভাবে শাণিয়ে দিয়েছেন চিলির নতুন কোচ আন্তোনিয় পিজ্জি। এক টালমাটালের মধ্যে গতবার কোপা জেতানো কোচ সরে যাওয়ার পরপর দায়িত্ব নেওয়া এই স্প্যানিয়ার্ড চিলিকে যেন নিয়ে গেছেন আরেক উচ্চতায়। তাঁর রণকৌশল মার খেয়ে গেছেন টাটা মার্টিনো। ক্লাব ফুটবলে গোলবন্যায় অভ্যস্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডরা তাই আজও হয়ে থাকলেন নেহাতই সাদামাটা।
এই দল হয়ে ওঠার মন্ত্র সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন বলেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়েও দলের সবচেয়ে বড় তারকা অ্যালেক্সিস সানচেজ বলতে পারলেন, ‘এই অর্জন আমার নয়, আমার সতীর্থদের। ওরা ছিল বলেই আমি পেরেছি।’ টিম চিলি তাই টাইব্রেকারে ব্যর্থ ভিদালকেই সবার আগে সামনে ঠেলে দিতে পেরেছে। ভিদাল আবেগঘন প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমাদের এই জয় পুরো দেশবাসীর।’