চিলি-মেক্সিকো রুদ্ধশ্বাস ড্র

কোপা আমেরিকা প্রতিযোগিতা মঙ্গলবার ভোরে দেখল দারুণ উপভোগ্য এক লড়াই। রুদ্ধশ্বাস উত্তেজনায় ঠাসা, বারুদ ছড়ানো চিনি-মেক্সিকো ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।
স্বাগতিক চিলির বিপক্ষে এ ম্যাচে কিন্তু প্রথমে এগিয়ে গিয়েছিল মেক্সিকোই। সান্তিয়াগোর দর্শক ঠাসা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে এক প্রতি আক্রমণ থেকে ২১ মিনিটে মেক্সিকোকে ১-০ গোলে এগিয়ে দেন ভুয়োসো। অল্পক্ষণ পর ভিদালের গোলে সমতায় ফেরে চিলি। তবে ২৯ মিনিটে আবারও এগিয়ে যায় মেক্সিকো। জিমেনেজের এই গোলটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির ঠিক আগেই এডুয়ার্ডো ভার্গাসের গোলে খেলার স্কোরলাইন ২-২ করে ফেলে চিলি।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে মাঠে নামে দুই দলই। মরিয়া হয়েই কিনা ম্যাচের ৫৪ মিনিটে ভিদালকে বাজে ট্যাকল করে চিলিকে পেনাল্টি উপহার দিয়ে বসে মেক্সিকো। পেনাল্টি থেকে চিলিকে এগিয়ে দেন ভিদাল। এই ‘এগিয়ে থাকা’ও ভাগ্যে জোটেনি স্বাগতিকদের। ভুয়োস তাঁর দ্বিতীয় গোলে ম্যাচটা ৩-৩ করে ফেলেন দারুণ কারিশমায়।
দিনের অপর ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে রেখেছে বলিভিয়া। সূত্র: এএফপি।