চীনা লিগে সাম্বার স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গুয়াংজু এভারগ্রান্ডের দায়িত্ব নেওয়ার পরই কোচ লুইস ফেলিপে স্কলারি ক্লাবে নিয়ে এসেছেন দুই ব্রাজিলিয়ান পাওলিনহো ও রবিনহোকে
চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেতে যোগ দিয়েছেন গত মাসে। এরই মধ্যে নিজের ক্যারিশমা দেখাতে শুরু করেছেন লুইস ফেলিপে স্কলারি। না, মাঠে তাঁর দল আহামরি কিছু করে ফেলেনি, এক মাসে খুব বেশি কিছু করা হয়তো সম্ভবও নয়। তবে স্কলারি ক্যারিশমা দেখাচ্ছেন মাঠের বাইরে—দলবদলের বাজারে। দায়িত্ব নেওয়ার পরই ক্লাবে নিয়ে এসেছেন দুই ব্রাজিলিয়ান পাওলিনহো ও রবিনহোকে। অচেনা পথে চেনা মুখগুলোকে নিয়ে হাঁটার নিয়মটাকেই মেনে চলছেন ‘বিগ ফিল’।
‘চায়নিজ সুপার লিগে’ নব্য ধনী দলটিকে ঘিরে প্রত্যাশার কমতি নেই। তা থাকবেই বা কেন? ২০১০ সালে এভারগ্রান্ডে রিয়েল এস্টেট গ্রুপ গুয়াংজুর মালিকানা নেওয়ার পর থেকেই যে দেদার টাকা ঢালছে দলের পেছনে। সাফল্যও আসছে। ২০১১ থেকে টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন দলটি, জিতেছে ২০১৩ এএফসি চ্যাম্পিয়নস লিগও। তাতেও যেন মন ভরছে না ক্লাব মালিকদের। স্কলারির পূর্বসূরি ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকে পারস্পরিক সম্মতিতে তাঁরা বিদায় জানিয়েছে শুধু তাঁর কৌশল পছন্দ না হওয়ায়! ব্রাজিলিয়ান কোচের চ্যালেঞ্জটা তাই অনেক বড়। আর চ্যালেঞ্জে জয়ী হতে পরিচিত সৈন্যদেরই নিয়ে আসছেন ফেলিপাও। পাওলিনহো ও রবিনহো ছাড়াও দলে আছেন আরও চার ব্রাজিলিয়ান-রিকার্ডো গুলার্ট, এলকেসন, অ্যালান কারভালহো ও রেনে জুনিয়র। সাম্বার ছন্দেই হয়তো চ্যালেঞ্জ জয়ের পরিকল্পনা ২০০২ বিশ্বকাপজয়ী কোচের।
তবে এই দুটি আলোচিত দলবদলে শুধু গুয়াংজু নয়, সামগ্রিকভাবে চীনের ফুটবলেরই উন্নতি দেখছেন স্কলারি। চীনের খেলোয়াড়েরা তাঁদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবে বলেই মনে করছেন সাবেক চেলসি কোচ। রবিনহোর দলবদলের পরে সাংবাদিকদের যেমনটি বললেন, ‘ও এখানে খেলতে আসছে এবং আমি জানি ও কী করতে পারে। এখানকার খেলোয়াড়েরা ওর কাছ থেকে শিখতে পারবে।’
কোচের সঙ্গে একমত গুয়াংজুর অধিনায়ক ঝেং ঝি, ‘আমাদের ক্লাব এবং খেলার পদ্ধতিতে ব্রাজিলিয়ানরা তাঁদের স্টাইল নিয়ে আসছে। এতে আমাদের খেলায়ও পরিবর্তন আসছে।’
এতে লাভবান চীনের ফুটবলও। অন্তত ঝির বিশ্বাস তেমনই, ‘চীনের ফুটবল উন্নতি করছে এবং ওদের কাছ থেকে শেখাটা আমাদের আরও উন্নতিতে সাহায্য করবে।’
অবশ্য গুয়াংজু কিংবা সাংহাই শেনহুয়ার মতো দলগুলোতে বিনিয়োগ বাড়ার পর থেকে চীনের ফুটবলে উন্নতি চোখে পড়ার মতো। গত জানুয়ারির এশিয়া কাপেই সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে চীন। এএফপি।