চীনে গেলেন মামুনুলরা
অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ক্লান্তির রেশটা এখনো যায়নি। কিন্তু সেসব সরিয়ে রেখে আরেকটি টুর্নামেন্টে খেলার জন্য তৈরি হতে হচ্ছে মামুনুলদের। চীনের ইউনান প্রদেশে আসিয়ান আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে খেলতে কালই ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
আগামী ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবলের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ এটি। গত মাসে হঠাৎই পাওয়া এই আমন্ত্রণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাড়া দিয়েছে তাই সঙ্গে সঙ্গেই। ২০-৩০ নভেম্বর অনুষ্ঠেয় ১০ দলের এই টুর্নামেন্টের খেলা হবে ডেহং জেলার মাংসি ও রুইলি শহরে। বিভিন্ন দেশের ক্লাব দলই এতে খেলবে। টুর্নামেন্টের ড্র হবে আজ। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।
চীনের এই টুর্নামেন্ট নিয়ে অধিনায়ক মামুনুল ইসলাম একেবারেই অন্ধকারে। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে বসে বলছিলেন, ‘কাদের সঙ্গে খেলতে হবে কিছুই জানি না আমরা। শুধু এটুকু জানি, চীনে খেলতে যাচ্ছি। তবে টুর্নামেন্ট যেমনই হোক অন্তত সেমিফাইনালে খেলতে চাই।’
চীন সফরের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ইয়ামিন মুন্না, মিডফিল্ডার ফয়সাল মাহমুদ, সোহেল রানা ও ইমন মাহমুদ। দলে ফিরেছেন মিডফিল্ডার মাসুক মিয়া।
আসিয়ান আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে চীনের সনডে ফুটবল ক্লাব ও পুয়ের ম্যারিয়ট ক্লাব; থাইল্যান্ডের এসসিজি মুয়াং থং ইউনাইটেড ক্লাব, মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেড, মালয়েশিয়ার সাবাহ ফুটবল অ্যাসোসিয়েশন, লাওসের গোল্ডেন ট্রায়াঙ্গল ক্লাব, ভিয়েতনামের হ্যানয় টিঅ্যান্ডটি ক্লাব। খেলতে পারে কম্বোডিয়া ও শ্রীলঙ্কা দলও।