চীনে দ্বিতীয় ম্যাচেও হার বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে মিয়ানমারের ক্লাবের বিপক্ষে বাংলাদেশ। আজ লিজিয়ানের বিপক্ষে এই একাদশের অনেকেই ছিলেন না। ছবি: বাফুফের সৌজন্যে।
চীনের ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে মিয়ানমারের ক্লাবের বিপক্ষে বাংলাদেশ। আজ লিজিয়ানের বিপক্ষে এই একাদশের অনেকেই ছিলেন না। ছবি: বাফুফের সৌজন্যে।

ডিসেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই চীনের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ। সাফ উপলক্ষ্যে ইতালীয় কোচ ফাবিও লোপেজের পরীক্ষাগারও বলা চলে ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ফুটবল টুর্নামেন্টকে। দলের ২০ ফুটবলারকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন তিনি। লক্ষ্য, সাফের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করা। প্রথম ম্যাচে মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেডের বিপক্ষে ভালো খেলেও ৩-২ গোলে হেরে যাওয়ার পর আজ চীনের লিজিয়ান ক্লাবের বিপক্ষে সাইড বেঞ্চের পরীক্ষা নিয়েছিলেন তিনি। সে পরীক্ষায় বাংলাদেশ হেরেছে ২-১ গোলে।
দলের ম্যানেজার আমিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, চীনের এই শক্তিশালী ক্লাবটির বিপক্ষে বাংলাদেশের পরীক্ষামূলক একাদশ খুব একটা খারাপ করেনি। বরং যথেষ্ট ভালোই খেলেছে। ম্যাচের এক পর্যায়ে মোনায়েম খান রাজু লাল কার্ড দেখায় দশজন নিয়ে লড়তে হয়েছে দলকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ আমিনুর রহমান সজীবের গোলে সমতা ফিরিয়ে আনলেও শেষ রক্ষা হয়নি। খেলার ৮৫ মিনিটে গোল খেয়ে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলকে।
কোচ লোপেজ আজ অধিনায়ক মামুনুল ইসলামকে খেলাননি। তাঁর ব​দলে অধিনায়কত্ব করেছেন ওয়ালি ফয়সাল। মামুনুলের অনুপস্থিতিতেও দল প্রেসিং ফুটবলই খেলেছে বলে জানালেন ম্যানেজার। তিনি অবশ্য ক্ষুব্ধতা প্রকাশ করেছেন আজকের ম্যাচের রেফারিং নিয়ে। তাঁর বক্তব্য, ‘রেফারি বারবারই বাংলাদেশের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছেন।’
আগামী ২৪ নভেম্বর চীনেরই আরও একটি ক্লাব হেবেইয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা কিছুটা হলেও টিকে থাকবে দলের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ রোববার বিকেলে হানথারওয়াডি ও হেবেইয়ের ম্যাচটির দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ দলকে।
চীনের ইউনান প্রদেশের ‘প্রভিন্সিয়াল স্পোর্টস ব্যুরো’ আয়োজিত এই প্রতিযোগিতার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ দল। সকাল দশটায় ম্যাচ খেলা নিয়েও আছে আপত্তি। তবে টিম ম্যানেজার জানালেন, ‘এখানে আমাদের আপত্তি তুলে ধরার কোনো জায়গা নেই। ম্যাচ কমিশনারের তত্ত্বাবধান নেই কোনো খেলায়। এখনো পর্যন্ত কোনো ম্যানেজারস মিটিংও অনুষ্ঠিত হয়নি। যেহেতু সাফের প্রস্তুতি হিসেবে এখানে আসা হয়েছে তাই অসুবিধাগুলোকেও প্রস্তুতির অংশ হিসেবেই দেখছি আমরা।’