চীনে বার্সেলোনার একাডেমি

রোনালদিনহোকে কাছ থেকে দেখা, হাত মেলানো, ছবি তোলা! স্বপ্নের মতো ব্যাপার! চীনের এই শিশুরা অবশ্য শুধু রোনালদিনহো নয়, বার্সেলোনার এমন অনেক তারকার সঙ্গেই দেখা করার সুযোগ পাবে। সুযোগ পাবে বার্সা নিয়োজিত কোচদের কাছ থেকে শেখারও। চীনের হাইনান আইল্যান্ডে নতুন একাডেমি খুলেছে স্প্যানিশ ক্লাবটি। সেটির উদ্বোধন করতেই পরশু ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে চীনে যান রোনালদিনহো। আপাতত সাতটি মাঠ থাকবে এই একাডেমিতে, যেখানে বার্সেলোনা নিয়োজিত কোচদের কাছ থেকে ফুটবল শেখার সুযোগ পাবে ১ হাজার ছাত্রছাত্রী। ভবিষ্যতে এটিকে আরও বড় করে ৩০টি মাঠ বানানো হবে, যাতে ৫ হাজার শিক্ষার্থী সুযোগ পায়। ধীরে ধীরে বড় ফুটবলশক্তি হতে চাওয়া চীনের ফুটবলের জন্য এটিকে বড় ধাপই বলছেন রোনালদিনহো, ‘বার্সেলোনা বাচ্চাদের কীভাবে যত্ন নেয়, উঁচু মানের পেশাদার করে গড়ে তোলে, সেটি আমরা জানি। তারা এখানে আসছে। আমার বিশ্বাস, এতে চীনের ফুটবলাররা অনেক সাহায্য পাবে, অনেক কিছু শিখতেও পারবে।’ এএফপি।