চীনে যাচ্ছে ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ ফুটবলের আগে মালদ্বীপে পমিস কাপ টুর্নামেন্টে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু মালদ্বীপ ফুটবল ফেডারেশন এবার টুর্নামেন্ট আয়োজনই করছে না। তবে পমিস কাপে খেলতে না পারলেও একই সময়ে আরেকটি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগামী ২০ থেকে ৩০ নভেম্বর এ টুর্নামেন্টটি হবে চীনের ইউনান প্রদেশে। এ টুর্নামেন্টে বাংলাদেশসহ খেলার আমন্ত্রণ পেয়েছে মালয়েশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ আমন্ত্রণ পায় বাফুফে। সেখানে খেলতে যাওয়ার ব্যাপারটাও গতকালই তারা নিশ্চিত করেছে। টুর্নামেন্ট চলাকালে আবাসনসহ অন্যান্য সুযোগসুবিধা দেবে আয়োজকেরা। তবে যাতায়াতের ভাড়াটাই গুনতে হবে বাফুফেকে। টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একটি দল চেয়েছিল আয়োজকেরা। কিন্তু সাফ টুর্নামেন্টের কথা ভেবে জাতীয় দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।