চীনে যাবেন না রুনি
গত কয়েক দিনে গুঞ্জন ডালপালা মেলেছে। চীনের সুপার লিগের ক্লাবগুলো নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছে ওয়েইন রুনিকে। রুনি চীনে যেতে পারেন এমনটি শুনে রয় কিন তো খেপেই গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা চোখ পাকিয়ে বলেছেন, ‘পাগলামি নাকি!’ রোনালদিনহোর কথা, এখনো চীনে যাওয়ার সময় হয়নি ইংল্যান্ডের ফরোয়ার্ডের। রুনির কথা শুনে আশ্বস্তই হবেন এই দুই সাবেক ফুটবলার। সব গুঞ্জনে জল ঢেলে তিনি বলে দিয়েছেন, ইউনাইটেডেই থাকবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের একটি খবরে গুঞ্জনের পালে লেগেছিল জোর হাওয়া। খবর ছিল রুনির এজেন্ট পল স্ট্রেটফোর্ড চীনে আছেন। রুনিকে পেতে আগ্রহী ক্লাবগুলোর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। প্রস্তাব যে এসেছিল, তা রুনির কথা শুনেই বোঝা যায়। তবে এই ৩১ বছর বয়সেই চীনে যাওয়ার কোনো ইচ্ছা নেই ইউনাইটেড অধিনায়কের, ‘প্রস্তাবগুলো পেয়ে আমি খুশি। তবে গুঞ্জনটা বন্ধ করতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছি আমি।’
সংবাদমাধ্যমগুলো আসলে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে। অর্থে টইটম্বুর চীনের ফুটবলের প্রস্তাব তো আছেই। সপ্তাহে নাকি সেখানে তাঁর বেতন হতে পারে ১০ লাখ ডলার। এদিকে কোচ হোসে মরিনহোও রুনিকে সম্প্রতি বেঞ্চে বসিয়ে রাখছেন। সব মিলিয়ে গুঞ্জন ওঠে, রুনি ইউনাইটেড ছেড়ে যেতে পারেন। তবে রুনি জানিয়েছেন ইউনাইটেডে তিনি সুখেই আছেন, ‘ক্লাবের রোমাঞ্চকর সময় এখন। আমি এর অংশ থাকতে চাই। আশা করছি, সাফল্যের জন্য ক্লাবের এই লড়াইয়ের পুরো অংশ হতে পারব।’
মরিনহো অবশ্য ধোঁয়াশাটা রেখে দিয়েছেন। রুনির ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি পর্তুগিজ কোচ, ‘আপনাদের উচিত এটা ওকে জিজ্ঞেস করা। আমি অবশ্য ওর এখানে থাকার বিষয়ে নিশ্চয়তা দিতে পারি না। আগামী সপ্তাহে আমিই এখানে থাকব সেটিরই তো নিশ্চয়তা নেই। আগামী মৌসুমে একজন খেলোয়াড় এখানে থাকবে কি না, সেই নিশ্চয়তা আমি কীভাবে দিই!’
ইউনাইটেডের কিংবদন্তি কিন মনে করেন শীর্ষ পর্যায়ের ফুটবলে আরও অনেক কিছুই দেওয়ার আছে রুনির, ‘ওর বয়স ৩১। ইউরোপের ফুটবলে দেওয়ার মতো আরও অনেক কিছুই আছে ওর মধ্যে।’ ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকাও রুনিকে চীনের ফুটবলে দেখতে চান না, ‘আমি চাই না, রুনি এখনই চীনে যাক।’ এএফপি, গোলডটকম।