চীনে রোনালদোর ফুটবল স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ৩০টি ফুটবল স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বিশ্বকাপে একসময়ের সর্বোচ্চ গোলের মালিক
শিরোপা, রেকর্ড আর মাঠের কীর্তি মিলিয়ে তাঁর সময়ে সেরা তারকাদের একজন ছিলেন। সেই রোনালদো নতুন ফুটবলার তৈরির কাজে নেমেছেন বেশ আগেই। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের পর এবার তাঁর গন্তব্য চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ৩০টি ফুটবল স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বিশ্বকাপে একসময়ের সর্বোচ্চ গোলের মালিক।
সাওপাওলোর ক্যাম্পিনাসে একটি ফুটবল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে কাল সেই ঘোষণাও আনুষ্ঠানিকভাবে দিলেন রোনালদো। চীনের বেইজিং, সাংহাই ও শেনজেনে এই স্কুলগুলো হবে। আগামী নভেম্বরে প্রথমটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকার।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ফুটবলের বড় ভক্ত। ফুটবলকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে তাঁর। ছেলেদের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে একবারই সুযোগ (২০০২) পেয়েছে জিনপিংয়ের দেশ, তবে মেয়েদের বিশ্বকাপে চীনের অর্জন বেশ বড়—১৯৯৯ বিশ্বকাপে রানার্সআপ। ছেলে ও মেয়ে দুই বিভাগেই চীনকে বড় দলের সারিতে দেখতে চান জিনপিং।
তাঁর আগ্রহ ও বিনিয়োগকারীদের অর্থের জোগান মিলিয়ে চীনের ফুটবলে যেন একটা বিপ্লবই চলছে এখন। ২০১৪-১৫ মৌসুমে চায়নিজ সুপার লিগের দলবদলে ক্লাবগুলো খরচ করেছিল প্রায় ১০৮ মিলিয়ন ইউরো, শুধু ইংলিশ প্রিমিয়ার লিগই এর চেয়ে বেশি খরচ করেছে। রবিনহো, পাওলিনহোদের মতো খেলোয়াড় কিংবা লুইস ফেলিপে স্কলারির মতো কোচও কাজ করেছেন চীনে।

স্কুল প্রতিষ্ঠার পেছনে রোনালদোর বিবেচনায় ছিল সেটিই, ‘বাণিজ্যিক দিকগুলো বাদ দিলেও, চীনে ফুটবল স্কুল প্রতিষ্ঠার মূল কারণ সেখানে ফুটবল নিয়ে উন্মাদনা অনেক। চীনের সরকার ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোও ফুটবলের উন্নয়নে আগ্রহী।’ সেটিকে কাজে লাগিয়ে ২০২০ সালের মধ্যে প্রায় ২০ হাজার ফুটবল স্কুল করতে চায় চীন। সেই স্বপ্নের সারথি হয়ে গেলেন রোনালদোও। ব্লুমবার্গ, সিনহুয়া, রয়টার্স।