চীনে সাম্বা বিপ্লব!
দারিও কঙ্কা নামটা আপনার কাছে খুব পরিচিত হয়তো নয়। আর্জেন্টিনার এই মিডফিল্ডার এমন বিখ্যাত কেউ নন। কিন্তু পাঁচ বছর আগে ব্রাজিলের ফ্লুমিনেন্স থেকে চীনের গুয়াংজু এভারগ্রান্ডেতে এসে তোলপাড় ফেলে দেন। বার্ষিক ১ কোটি ১০ লাখ ডলার বেতন কঙ্কার মতো ফুটবলারের জন্য তো অবিশ্বাস্যই ছিল। ওই সময় এর চেয়ে বেশি বেতন পেতেন শুধু মেসি-রোনালদো!
পাঁচ বছর পর চীনে এই টাকার ঝনঝনানি বেড়েছে বৈ কমেনি। কঙ্কার মতো আরও অনেকেই পাড়ি জমিয়েছেন। তবে মূল ঢলটা এসেছে প্রশান্ত মহাসাগরের ওপার থেকেই। গত কয়েক বছরে এত বেশি ব্রাজিলিয়ান ফুটবলার চীনে এসেছেন যে চীনারা হয়তো কিছুদিনের মধ্যে পর্তুগিজ ভাষাটাই শিখে ফেলবেন! ইউরোপ সব সময়ই ব্রাজিলিয়ান ফুটবলারদের তীর্থক্ষেত্র, কিন্তু গত কয়েক বছরে চীনমুখী অভিযাত্রী শুধু বাড়ছেই।
সেই স্রোতে বয়সী ফুটবলার বেশি থাকলে একটা কথা ছিল। দ্রগবা-আনেলকাদের মতো অনেকেই ক্যারিয়ারের গোধূলিবেলাটা চীনে কাটিয়েছেন। ব্রাজিলের রবিনহো, লুইস ফ্যাবিয়ানো, জেডসনদের চীন অভিযানও মেনে নেওয়া যায়, এঁরা তো সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। কিন্তু এই ব্রাজিল দলেরই ডিয়েগো তারদেল্লির মতো নিয়মিতরা যখন ইউরোপের মায়া কাটিয়ে চীনে চলে আসেন, ভ্রু একটু কুঁচকাতেই হয়। শুধু তারদেল্লি কেন, পলিনহো, রিকার্দো গুলাত, রেনাতো অগাস্টোরাও চাইলে ইউরোপের অনেক লিগে খেলতে পারতেন। সবাই নিজেদের গায়ে ‘মেড ইন চায়না’ সিল লাগানোর জন্য এমন হুমড়ি খেয়ে পড়লেন কেন? এ মুহূর্তে চীনা লিগের বিদেশি খেলোয়াড়দের এক-তৃতীয়াংশই ব্রাজিলিয়ান—তথ্যটা তো অবাক করার মতোই!
মোটা দাগে উত্তরটা সহজ, অর্থের হাতছানি। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ব্রাজিল থেকে ১৩৪ জন ফুটবলার চীনে এসেছেন। গত কয়েক বছরে এই হার আরও বেড়েছে। কঙ্কার কথাই ধরুন, ইউরোপে তাঁর মানের ফুটবলার চীনের দশ ভাগের এক ভাগ আয় করতে পারত কি না সন্দেহ। তারদেল্লি যেমন সোজাসাপটা বলে দিলেন, ‘আমাদের জীবনটাই বদলে যাচ্ছে। ব্রাজিলে সমর্থকদের সামনে খেলাটা দারুণ। সেখানে সব সময়ই চাপ থাকে। কিন্তু চীনে আমরা বেশি বেতন পাই, সেটাও একদম সময়মতো। আমার বয়স ৩০, এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।’
সর্বশেষ জেডসন ও অগাস্টো আসার পর এখন শোনা যাচ্ছে, আলেজান্দ্রে পাতো, রালফ, এলিয়াসদের মতো আরও অনেকে চীনে পাড়ি জমাতে পারেন। যদিও পাতো সর্বশেষ চীনের প্রলোভনে সাড়া দেবেন না বলেই জানিয়েছেন। কিন্তু শুধু টাকার জন্যই কি ব্রাজিলিয়ান ফুটবলারদের স্রোত চীনমুখী? নিজেদের ক্যারিয়ার কি তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না?
তারদেল্লি যেমন ব্রাজিল কোচ দুঙ্গার কাছে জানতে চেয়েছিলেন, চীনে পাড়ি জমালে তাঁর জাতীয় দলের ক্যারিয়ার হুমকিতে পড়বে কি না? দুঙ্গা আশ্বস্ত করেছেন, তারদেল্লি কোথায় খেলছেন সেটা নয়, কেমন খেলছেন সেটিই শুধু বিবেচনা করা হবে। আর চীনের লিগের মানও ধীরে ধীরে বাড়ছে। এএফসি চ্যাম্পিয়নস লিগে গত তিন বছরে দুবারই চ্যাম্পিয়ন হয়েছে এভারগ্রান্ডে। চীনের লিগে দর্শকসংখ্যাও বাড়ছে। ব্রাজিলিয়ান লিগের অনেক ম্যাচ দর্শকশূন্য থাকে। চীনে দর্শক থাকে মাঠভরা, গত মৌসুমে ম্যাচপ্রতি গড়ে ২০ হাজার দর্শক ছিল। ব্রাজিলিয়ান লিগের চেয়ে ধারে-ভারে একটু একটু করে এগিয়ে যাচ্ছে চীন।
শুধু তো খেলোয়াড় নয়, কোচদেরও যেন চুম্বকের মতো টানছে কনফুসিয়াসের দেশ। লুইস ফেলিপে স্কলারি এখন এভারগ্রান্ডের কোচ। ব্রাজিলেরই আরেক সাবেক কোচ মানো মেনেজেসকে এখন দেখা যাচ্ছে শ্যানডং লুনেংয়ের ডাগ-আউটে।
চীনে যেন চলছে সাম্বা ফুটবলের বিপ্লব! আইএএনএস, ইএসপিএন।