চীনেই হবে বিশ্বের সেরা লিগ!
রামিরেস-হাল্করা গিয়েছিলেন আরও আগে। তবে তাঁদের যাওয়াটা ঠিক সেভাবে আলোচিত হয়নি। কিন্তু তাঁদের পথ ধরে চীনা লিগে পাড়ি জমালেন ব্রাজিলের অস্কার আর আর্জেন্টিনার কার্লোস তেভেজ। দুজনেরই ট্রান্সফার ফি আর পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! তারপর হঠাৎ করেই যেন বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু চীনা সুপার লিগ। এডিনসন কাভানি, অ্যাঙ্গেল ডি মারিয়া এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোরাও প্রস্তাব পেয়েছেন বলে শোনা যাচ্ছে। কী আছে চীনের ফুটবলে? যার আকর্ষণে কেউ সাতসমুদ্র তেরো নদী পাড়ি দিচ্ছেন, কেউ পাড়ি দেওয়ার কথা ভাবছেন!
সহজ উত্তরটা হচ্ছে, বিশাল অর্থের হাতছানি। যে আকর্ষণে এর আগেও সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের লিগে ইউরোপ ও লাতিন আমেরিকার অনেক খেলোয়াড়ই নাম লিখিয়েছেন। কিন্তু প্রায় বুড়িয়ে যাওয়া তারকাদের মধ্যপ্রাচ্যের লিগগুলোতে নাম লেখানো আর তেভেজ, হাল্ক, অস্কারদের মতো খেলোয়াড়দের চীনে পাড়ি জমানো—দুটি ব্যাপার বোধ হয় ঠিক মেলে না। এবার প্রেক্ষাপট বেশ আলাদা এবং এটির বিশ্লেষণ করতে গিয়ে বৈশ্বিক ফুটবল বিপণন সংস্থা লেগারডেয়ার স্পোর্টস ও এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জর্জিও ভবিষ্যদ্বাণী করছেন, চায়নিজ ফুটবল লিগ একসময় জনপ্রিয়তায় ইউরোপের শীর্ষ লিগগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে!
ফুটবল বিপণনে দীর্ঘ অভিজ্ঞতাসমৃদ্ধ এই অস্ট্রেলিয়ান বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিশ্বের বড় ফুটবল লিগগুলোকে যদি ছাড়িয়ে যেতে না-ও পারে, আমার মনে কোনো সন্দেহ নেই যে চায়নিজ সুপার লিগ একটা সময় বিশ্বের অন্য লিগগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো হবে। এখন দেখার অপেক্ষা, সেটার জন্য কত সময় লাগে। এখানকার বাজার কিন্তু পারবে বিশ্বের সেরা খেলোয়াড়দের ধারণ করতে এবং বিশ্বের সেরা ফুটবল উপহার দিতে।’
বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটির জন্য অর্থ কোনো সমস্যাই নয়। দরকার ছিল আগ্রহ আর উদ্যোগ। সেটা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ২০৫০ সালের মধ্যে চীনকে বিশ্ব ফুটবলের পরাশক্তি বানানোর ঘোষণা দিয়েছেন। পরিকল্পনাটা দীর্ঘমেয়াদি বলেই এটার সাফল্য নিয়ে এত আশাবাদী অ্যান্ড্রু জর্জিও, ‘চীনের সবচেয়ে ভালো দিক হচ্ছে, ওরা কখনোই কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করে না।’
চীনা সুপার লিগের নিয়মানুযায়ী, এখন একটা দল এশিয়ার বাইরে থেকে সর্বোচ্চ চারজন ফুটবলার নিতে পারে। এর মানে হচ্ছে, আপাতত তেভেজ-অস্কারদের বেশির ভাগ সতীর্থই থাকবেন স্থানীয়। জর্জিওর বিশ্লেষণ—এই তারকা ফুটবলারদের সঙ্গে খেলে খেলে স্থানীয় প্রতিভাগুলো একসময় আরও পরিণত হবে। লিগের আকর্ষণ বাড়বে। আর তখন বিদেশি ফুটবলারদের কোটা প্রথাটাও তুলে দেওয়া হবে। তাতে ফুটবলের বৈশ্বিক তারকারা আরও আগ্রহী হবেন চীনে খেলতে। এ কারণেই অস্ট্রেলিয়ান এই ফুটবল বিপণন বিশেষজ্ঞ বলছেন, ‘চীনের ফুটবলে এত টাকা হবে যে সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে সেখানে খেলতে যাওয়ার জন্য। এখন যেমন ইউরোপে খেলা মানে একটা সম্মানের ব্যাপার। একটা অভিজাত ক্লাবে খেলা, একটা বড় ব্র্যান্ডের সঙ্গে নিজেকে জড়ানো। চীনে এটা হতে সময় লাগবে। হবে কি না, এ নিয়ে সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, কখন হবে।’
আর সেটা হয়ে গেলে অর্থবিত্তে চীনের ফুটবল কোথায় গিয়ে দাঁড়াবে? এখনই অস্কার সাংহাই এসআইপিজিতে যোগ দিয়েছেন ৬০ মিলিয়ন ইউরোতে। তেভেজের ট্রান্সফার ফি প্রকাশ করা না হলেও বেতন শোনা যাচ্ছে বছরে ৪ কোটি ইউরো! কিন্তু জর্জিও দাবি করছেন, চীনের যে সামর্থ্য, তার তুলনায় এই অঙ্কটা সামান্যই! ভবিষ্যদ্বাণী করছেন, ‘আগামী পাঁচ থেকে দশ বছরে চীনের উদ্বৃত্ত অর্থ ও ব্যয় করার ক্ষমতা এত বেড়ে যাবে যে বাকি পৃথিবীকে সেই তুলনায় খর্বকায় মনে হবে।’
আর সেটা হলে আগামী দিনের মেসি-রোনালদোরা হয়তো স্পেন-ইংল্যান্ডে নয়, খেলবেন চীনের কোনো ক্লাবে! এএফপি।