০-২, ০-৫, ০-৪, ২-৩, ১-২।
ফাবিও লোপেজের হাতে দায়িত্ব ওঠার পর পাঁচ ম্যাচেই হারল বাংলাদেশ দল। সর্বশেষ জয়টা সেই বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে থাইল্যান্ড যুবদলের সঙ্গে। গত ৯ মাসে ১২ ম্যাচে প্রাপ্তি বলতে ড্র তিনটি।
কিরগিজস্তানের বিপক্ষে প্রথম ও অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় ম্যাচে লোপেজের বাংলাদেশের হারটা স্বাভাবিক। কিন্তু তাজিকদের কাছে ৫ গোল খাওয়া অবিশ্বাস্য! শেষ দুটি হার চীনে অনুষ্ঠানরত আসিয়ান আন্তর্জাতিক আমন্ত্রণমূলক উন্মুক্ত টুর্নামেন্টে। মিয়ানমারের পর কাল ম্যাং সাই সিটি স্টেডিয়ামে চীনের লিজিয়ান ক্লাবও হারাল বাংলাদেশকে (১-২)।
চীনের শীর্ষ লিগটা হলো সুপার লিগ। ইউনান প্রদেশের দল লিজিয়ান চীনের লিগ-টু অর্থাৎ দেশটির তৃতীয় স্তরের দল। সেই লিজিয়ানের কাছেও হারটা দেশের ফুটবলের জন্য সুখবর বলবে না কেউ। টানা দুই হারে তো টুর্নামেন্ট থেকেই বিদায়ের ক্ষণ গুনছেন মামুনুলরা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ এখনো আছে আসলে কাগজ-কলমে।
আগামীকাল শেষ গ্রুপ ম্যাচে চীনের দ্বিতীয় স্তরের দল হেবেইকে শুধু হারালেই হবে না, গোলগড়ে এগিয়ে থাকতে দরকার বড় জয়। অন্যদিকে মিয়ানমারকে হারতে হবে লিজিয়ানের কাছে। দুইয়ে দুইয়ে চার মিললেই বাংলাদেশ-মিয়ানমার পয়েন্ট সমান হবে এবং গোলগড়ে সুযোগ আসতে পারে। কিন্তু কাল মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে হেবেই জানান দিয়েছে তাদের শক্তিটা, লিজিয়ানের সমান ৪ পয়েন্ট নিয়ে দলটি যৌথভাবে শীর্ষে।
হেবেইকে হারানো তাই সহজ হবে না। লোপেজ দলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েই যাচ্ছেন, সাফের জন্য সমন্বয় এখনো পাননি। সেটা খুঁজতে গিয়ে ক্রুইফের তৈরি করা দলটা এখন তাঁর হাতে যেন গিনিপিগ। কাল অধিনায়ক মামুনুল ইসলামকে খেলিয়েছেন দ্বিতীয়ার্ধে। ভারপ্রাপ্ত অধিনায়ক করেছেন লেফটব্যাক ওয়ালী ফয়সালকে, যাঁকে এত দিন বেঞ্চে বসিয়ে রেখে লেফটব্যাকে খেলিয়েছেন ফরোয়ার্ড কোমলকে! ওয়ালী ফোনে বলছিলেন, ‘মামুনুল আগে নামলে আমরা এই ম্যাচ জিততে পারতাম। কোচ ওকে কেন পুরো সময় খেলাল না বুললাম না।’
ডিফেন্ডার ইয়াসিনও এদিন বাইরে। চীন সফর থেকে আগেই ছেঁটে দিয়েছেন উইঙ্গার সোহেল রানা, ফয়সাল মাহমুদকে। ডি ক্রুইফের দলে নিয়মিত খেলা সোহেল রানা হঠাৎ ব্রাত্য। ফয়সাল মাহমুদ সাত বছর পর জাতীয় দলে ফিরে পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়েই বিদায়! ক্রুইফের সময় তারুণ্যের ঝলক দেখানো জুয়েল রানাও বেঞ্চে! কোচের পছন্দ ঘরোয়া ফুটবলে সারা বছর বেঞ্চে থাকা তকলিচ। কালও তাঁকে খেলালেন একাদশে।
সজীবও নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। ৪৪ মিনিটে পিছিয়ে পড়া দলকে বদলি হিসেবে নেমে আবাহনীর এই স্ট্রাইকারই ম্যাচে ফিরিয়েছেন ৮৩ মিনিটে। ৫৫ মিনিটে মিডফিল্ডার রাজুর লাল কার্ডে ১০ জনের বাংলাদেশ ১-১ করার পরের মিনিটেই গোল খায়।
চীন থেকে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘দল ভালো খেলেছে। কিন্তু রেফারি আমাদের বিপক্ষে ছয়টি ফ্রি-কিক দিয়েছেন। বাজে রেফারিংয়ের কাছে আমরা হারলাম।’