চীনের পথে ম্যারাডোনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বদলের মৌসুমটা শেষ হতেই স্বস্তির নিশ্বাস ফেলেছে ইউরোপিয়ান ফুটবল। যাক, বাড়তি অর্থের প্রলোভনে চায়নিজ সুপার লিগে অন্তত জুলাইয়ের আগ পর্যন্ত আর কেউ যাচ্ছে না। খেলোয়াড়দের নিয়ে সে স্বস্তি ফিরলেও দুশ্চিন্তা শুরু হয়েছে কোচিং স্টাফদের নিয়ে। তাদেরও যে ডাকছে চীন। স্রোতে গা ভাসিয়েছেন ডিয়েগো ম্যারাডোনাও!
ব্রাজিলিয়ান হাল্ক, পলিনিয়োরা তো আগেই ছিলেন, কিছুদিন আগেই কার্লোস তেভেজ যোগ দিয়েছেন চীনের এই নবজাগরণে। তেভেজের আগেই পৃথিবীর এ প্রান্তে পা পড়েছে অস্কার, রামিরেসেরও। পরশু ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা জানিয়েছেন, চীনের ফুটবল বিপ্লবের অংশ হতে যাচ্ছেন তাঁর মক্কেলও, ‘যারা কার্লোস তেভেজকে চীনে নিয়েছে, তারাই ডিয়েগোকে নিতে চায়, আমরাও রাজি হয়েছি। প্রক্রিয়াটা অনেক দূর এগিয়েছে। ডিয়েগোর কাজ হবে বিভিন্ন স্কুলে শিশুদের শিক্ষা দেওয়া।’
দুই পক্ষই নিজেদের সম্মতি দিয়ে দেওয়ার পরও ম্যারাডোনা এখনই চীনে যেতে পারছেন না। কারণটা বর্তমান দায়িত্ব। ফুটবলের উন্নতি করবেন বলে গত কয়েকটা বছর দুবাইয়ে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাই পরবর্তী পদক্ষেপটা ভেবেচিন্তে নিতে হবে তাঁদের, ‘ম্যারাডোনা সম্ভাব্য এ দায়িত্ব নিয়ে খুব রোমাঞ্চিত। প্রথমে আমরা দুবাইয়ে যাব এবং দেখব কীভাবে চুক্তিটা বাতিল করা যায়। সবকিছু ঠিকভাবেই এগোচ্ছে!’ আইএএনএস।