চীনের রাজা জাহাভি

হাল্ক-লাভেজ্জিরা গেল তল, জাহাভি বলে কত জল! গত বছর ম্যাকাবি তেল আবিব থেকে গুয়াংজু আরঅ্যান্ডএফ এরান জাহাভিকে কেনার পর হয়তো এ রকমটাই ভেবেছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত চীনের ফুটবলে ‘তল’ পেয়েছেন জাহাভিই। সবাইকে অবাক করে চায়নিজ সুপার লিগে চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এই ইসরায়েলি ফরোয়ার্ড।
গত বছর রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ককে কিনেছে সাংহাই এসআইপিজি। আর পিএসজি থেকে আর্জেন্টাইন এজেকিয়েল লাভেজ্জিকে কিনেছে হেবেই চায়না ফরচুন। এসআইপিজি হাল্কের জন্য খরচ করেছে ৪৫ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ৪৬৮ কোটি ২০ লাখ টাকা। তাঁর বার্ষিক বেতন ১৬.৬ মিলিয়ন পাউন্ড (১৭২ কোটি ৭১ লাখ টাকা)। ফরচুনে লাভেজ্জির বার্ষিক বেতন ১০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৪ কোটি ৪ লাখ টাকা। হাল্ক কিছুটা হলেও প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। কিন্তু লাভেজ্জি একেবারেই ব্যর্থ। গত বছর চায়নিজ সুপার লিগে ১০ মিলিয়ন পাউন্ডের লাভেজ্জি খেলেছেন ১০ ম্যাচ, গোল করতে পারেননি একটিও। গত বছরের ডিসেম্বরে ৭১.৬ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৭৪৫ কোটি টাকা) আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজকে কিনেছে সাংহাই শেনহুয়া। তিয়ানজিন কুয়ানজিয়ান ১৫.৫ মিলিয়ন পাউন্ডে (প্রায় ১৬১ কোটি ২৭ লাখ টাকা) দলে টেনেছে ব্রাজিলের আলেসান্দ্রো পাতোকে। প্রত্যাশা পূরণ করতে পারেননি তাঁরাও।
তাঁদের মতো নামের ভার নেই, নেই বড় ক্লাবে খেলার অভিজ্ঞতাও। কিন্তু ৭.২ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৭৫ কোটি টাকা) এই জাহাভিই পারফরম্যান্সে বড় নাম আর বেশি দামি খেলোয়াড়দের ফেলে দিয়েছেন পেছনে। গত বছর ১৫ ম্যাচে ১১ গোল করেছেন। আর চলতি বছরের সুপার লিগে ২২ ম্যাচ খেলে গোল করেছেন ২৩টি। হাল্ক, লাভেজ্জি, পাতো, তেভেজদের কেউ এ বছর সেরা তিনে নেই। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিকার্দো গুলার্তের গোল ১৬টি। গত বছর ১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন গুলার্ত।
তেভেজ-হাল্কদের মতো বড় নাম দলে যোগ করার অবশ্য অন্য উদ্দেশ্য আছে চীনের ক্লাবগুলোর। চীনা ফুটবলকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আরকি! কিন্তু সেই এগিয়ে নিয়ে যাওয়ার দাবি জোর গলায় করতে পারছেন শুধু জাহাভিই, ‘চীনে নতুন চ্যালেঞ্জ সামলাচ্ছি। এখানকার লিগ উন্নতি করছে আর আমি তাদের সাহায্য করার চেষ্টা করছি।’
দুই মৌসুম ইতালির ক্লাব পালের্মোতে খেলেছেন জাহাভি, এখন চীনের ফুটবলে। এ ছাড়া ক্যারিয়ারের বাকি সময় ইসরায়েলের ক্লাবগুলোতেই খেলেছেন ইসরায়েলি ফরোয়ার্ড। হ্যাপোয়েল তেল আবিব ও ম্যাকাবির হয়ে খেলেছেন ইউরোপের ফুটবলে। হ্যাপোয়েলের হয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গোলও করেছেন। চীনে ভালোই কাটছে গত মাসে ত্রিশে পা রাখা জাহাভির। তবে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না ভেবে একটু খারাপই লাগে তাঁর, ‘পাঁচ বছর বয়স থেকে চ্যাম্পিয়নস লিগের খেলা দেখছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আমিও যেন ওখানে খেলতে পারি আর নিজের মান বিশ্বকে দেখাতে পারি।’ এএফপি।