চুইংগাম চিবিয়ে দেশপ্রেম হয় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপজয়ী দলের তুলনায় এই জার্মানি দলকে অনেক কম ক্ষুধার্ত মনে হয়েছে বেকেনবাওয়ারের। ফাইল ছবি
২০১৪ বিশ্বকাপজয়ী দলের তুলনায় এই জার্মানি দলকে অনেক কম ক্ষুধার্ত মনে হয়েছে বেকেনবাওয়ারের। ফাইল ছবি

জাতীয় দল থেকে মেসুত ওজিলের অবসর নেওয়ার খবরটা বাসি হয়ে গেছে। তবে প্রায় দুই সপ্তাহ আগের খবরটির রেশ যেন কাটছেই না।

অবসর নেওয়ার কারণ হিসেবে ওজিল দেখিয়েছিলেন বর্ণবাদী আচরণকে। খোদ জার্মানি ফুটবল ফেডারেশনের (ডিএফবি) প্রধান রাইনহার্ড গ্রিন্ডেলের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনেন তুর্কি বংশোদ্ভূত জার্মান মিডফিল্ডার। তবে জার্মানির গোলকিপার ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার যেমন মনে করেন, ডিএফবিতে কোনো খেলোয়াড়ই বর্ণবাদী আচরণের শিকার হতে পারেন না। আর আজ তো জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার পরোক্ষে প্রশ্নই তুলে দিলেন ওজিলের দেশপ্রেম নিয়ে!

বেকেনবাওয়ার চলমান বিতর্কে কিছু কিছু খেলোয়াড়ের জাতীয় দলের প্রতি আবেগ নিয়ে ঘাটতি দেখেছেন বলে মন্তব্য করেছেন। কোচ ও অধিনায়ক দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা বেকেনবাওয়ার বলেছেন, ‌‌‘বাইরে থেকে দেখে যতটা মনে হয়েছে, চার বছর আগের বিশ্বকাপজয়ী দলটার মধ্যে যে তীব্র আবেগ ছিল, সেটা অনেকটাই কমে গেছে। এ কারণেই আমাদের দলে এমন খেলোয়াড় দরকার, যাদের সাফল্যের জন্য তীব্র ক্ষুধা থাকবে। যারা তীব্র আবেগ নিয়ে খেলবে।’

ওজিল খেলা শুরুর আগে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান না, এমন একটা অভিযোগ অনেক দিন ধরেই আছে। সরাসরি ওজিলের নাম না বলে বেকেনবাওয়ার মন্তব্য করেছেন, ‌‌‘জাতীয় সংগীত গাওয়াও দলের প্রতি আবেগ তৈরিতে, ভালো খেলতে সাহায্য করে। যারা জাতীয় সংগীত গায়, তারা তাদের চেয়ে অনেক ভালো খেলে, যারা ওই সময় চুইংগাম চাবায়।’

জার্মানির হয়ে ৯ বছর ধরে খেলা ওজিল ৯২ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে গোলও করেছেন ২৩টি। ২০১৪ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ওজিলের। এবারও জার্মানি সবচেয়ে ফেবারিট দলগুলোর একটি ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারাই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। তখন থেকে সমালোচনা হচ্ছে। বিশেষ করে তুর্কি বংশোদ্ভূত ওজিল যে সমালোচনার লক্ষ্যবস্তু ছিলেন।

ঘটনার শুরু গত মে মাসে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অটোগ্রাফসহ নিজের আর্সেনালের জার্সি উপহার দিয়েছিলেন ওজিল। মুহূর্তটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর জার্মানির প্রতি ওজিলের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। জার্সি দিতে হলে আর্সেনালেরটাই দিতে হবে! সমর্থক, আমজনতা না হয় নানা কথা বলল, কিন্তু তাই বলে একই সুরে কথা বলছেন খোদ জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) প্রধান রাইনহার্ড গ্রিন্ডেল!

জার্মানির গেলসেনকিরচেনে জন্ম নেওয়া তুর্কি মা-বাবার সন্তান ওজিল এটা মেনে নিতে পারেননি। বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন অবসরের। ওজিল নিজের অবসর নিয়ে বলেছিলেন, ‘আমরা যখন জয় পাই, গ্রিন্ডেল ও তাঁর সহকারীদের কাছে আমি তখন জার্মান। আর হেরে গেলেই আমি তাঁদের কাছে অভিবাসী।’

এবার বেকেনবাওয়ারের এই জাতীয় সংগীত গাওয়ার তত্ত্ব এসে হাজির হলো। এবার ওজিল পাল্টা জবাব দেন কি না, সেটাই দেখার। ওজিল অবশ্য এর আগে বলেছিলেন, জাতীয় সংগীত চলার সময় তিনি মনে মনে প্রার্থনা করেন। প্রার্থনা করেন ভালো খেলার জন্যই। ছোটবেলায় এই প্রার্থনা তিনি শিখেছেন। সবাই গান গেয়ে নিজেকে উজ্জীবিত না-ও করতে পারে। অনেকের অনেক রকম ধরন থাকে।