চুক্তি নিয়ে গোলকধাঁধায় ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের সঙ্গে কত দিনের চুক্তি? কী করলে ক্লাব কোনো অভিযোগ আনতে পারবে না? এসব জানা পেশাদার ফুটবলারদের কর্তব্য। কিন্তু বাংলাদেশের অনেক ফুটবলারই তা জানেন না। ক্লাবের সঙ্গে চুক্তিটা ঠিকমতো দেখেন না। এ কারণে প্রায় প্রতিবছরই কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে নানা অভিযোগ আনার সুযোগ পায় ক্লাব।
তবে ক্লাব যে ধোয়া তুলসী পাতা, তা নয়। বরং ক্লাব নিজেদের সুবিধামতো নিজেদের অবস্থান পাল্টায়। ফলে একটা সংকট লেগেই আছে ঘরোয়া ফুটবলে।
সর্বশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী তাদের গতবারের পাঁচ ফুটবলার তপু বর্মণ, আরিফ, হেমন্ত, শাকিল ও জুয়েল রানাকে এক বছর নিষিদ্ধ করে পরশু তা চিঠি দিয়ে জানিয়েছে বাফুফেকে। আকাশি-নীলের দাবি, এই পাঁচ ফুটবলার চুক্তি শেষ না হওয়ার আগেই অন্য দলে যোগ দিয়েছেন। তবে পাঁচ ফুটবলারের ভাষ্য, চুক্তি শেষ হয়ে গেছে আগেই।
আসলে কোনটা ঠিক? প্রশ্নটা নতুন করে উঠল, তা নয়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এটা নিয়ে ধোঁয়াশা আছে। বাফুফে একেক সময় একেকভাবে বিষয়টা ব্যাখ্যা করেছে। তাই বিভ্রান্তিটা দূর না হয়ে বরং বেড়েছে। গত বছর দলবদলের আনুষ্ঠানিকতার আগেই শেখ জামাল ছেড়ে ১০ ফুটবলার নাম লেখান চট্টগ্রাম আবাহনীতে। কিন্তু শেখ জামাল ওই খেলোয়াড়দের নিজেদের দাবি করে উচ্চ আদালতে মামলা করে। বাফুফে তখন অলক্ষ্যে চট্টগ্রাম আবাহনীর পক্ষে অবস্থান নিয়েছিল এবং আদালতের রায়ও গেছে চট্টগ্রাম আবাহনীর পক্ষেই।
এবার আবাহনী অবশ্য পাঁচ ফুটবলারের ব্যাপারে আদালতে যায়নি। বরং নিজেরাই কড়া শাস্তি দিয়েছে। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর ভাষ্য, ‘দলবদলের ফরমে মৌসুম টু মৌসুম লেখা আছে। মৌসুম শেষ হবে নতুন দলবদলের ফরম বিতরণের আগের দিন। কাজেই এবারের দলবদলের ফরম বিতরণ যেহেতু ১ এপ্রিল শুরু হবে, তাই ৩১ মার্চ পর্যন্ত ফুটবলাররা পুরোনো দলেরই খেলোয়াড়। এ কারণেই পাঁচ ফুটবলারের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।’
তবে এ নিয়ে আগামী কিছুদিন যে অনেক দেনদরবার চলবে, তা নিশ্চিত। মূল প্রশ্নটা হলো, একজন ফুটবলারের সঙ্গে ক্লাবের এক মৌসুমের চুক্তির মেয়াদ আসলে কত দিন?
ফুটবলাররা বলছেন, এটা বড়জোর ১০-১২ মাস হতে পারে। তবে কখনো কখনো মৌসুম শেষ হয় ১৩-১৪ মাসেও। যদিও ফুটবলাররা সাধারণত ধরে নেন লিগ শেষ মানে মৌসুমও শেষ। যে কারণে তাঁরা লিগ শেষ হলেই দল পাল্টাতে চান। ফুটবলারদের কাঠগড়ায় তুলে আসলে লাভ নেই। ক্লাব কর্মকর্তারাই নিজেদের স্বার্থে খেলোয়াড়দের অনেক আগে ‘বুক’ করে ফেলেন। ফলে একটা ঝামেলা শুরু হয়।
তাই দ্রুতই একটা সমাধানের দাবি জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের, ‘দলবদলের ফরমে সিজন টু সিজন লেখা। আমরা ফুটবলাররা ধরে নিই লিগ শেষ মানে চুক্তি শেষ। এটাই স্বাভাবিক। তাই ফুটবলারদের দোষ দিয়ে লাভ নেই। দলবদলের ফরমে একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। একজন ফুটবলার যেন জানতে পারে, তার চুক্তিটা আসলে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত? এটা লেখা না থাকার কারণেই এত কথা, এত সমস্যা।’
মামুনুলের পরামর্শই শেষ কথা হতে পারে। আর তা বাস্তবায়নের দায়িত্ব বাফুফের। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি কি এবার নড়েচড়ে বসবে?