চুক্তিতে সই করছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা সমর্থকদের খুশি হওয়ার মতোই খবরটা। চুক্তি নবায়ন করছেন লিওনেল মেসি! কত বছরের জন্য নবায়ন করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি, তবে বেতন ও অন্যান্য বিষয়ে বার্সেলোনাকে প্রাথমিক সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গুঞ্জন সত্যি হলে নতুন চুক্তিতে মেসির ‘রিলিজ ক্লজ’ হবে ৪০০ মিলিয়ন ইউরো! আর কর কেটে নেওয়ার পর বেতন হতে পারে সপ্তাহে ৫ লাখ ইউরো! তবে চুক্তিটা ২০২১, না ২০২২ পর্যন্ত নবায়ন করা হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। টেনচেন্ট স্পোর্টসে সাক্ষাৎকারে মেসি নতুন চুক্তির ইঙ্গিতও দিলেন, ‘সব সময় বার্সায়ই থাকতে চেয়েছি। এটাই আমার স্বপ্ন। আগেও বলেছি, বার্সায়ই ক্যারিয়ার শেষ করতে চাই।’

ওই সাক্ষাৎকারে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড। মাত্রই রিয়ালকে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতানো পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে মেসি বলেছেন, ‘ও দুর্দান্ত এক ফুটবলার, প্রতিবছরই নিজেকে ছাড়িয়ে যায়। এ জন্যই সে বিশ্বের সেরাদের একজন।’ আর তাঁদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বললেন, ‘প্রতিদ্বন্দ্বিতাটা সংবাদমাধ্যমের বানানো, আমাদের নয়। আমরা প্রতিবছরই নিজেদের দলের জন্য সেরাটা অর্জনের চেষ্টা করি।’ মার্কা।