চুল রঙিন, তাই ফুটবল খেলতে দেওয়া হলো না
কত রকমের শখই না থাকে ফুটবলারদের! কেউ শরীরে ট্যাটু আঁকেন। কেউ চুলে দেন নানা রকমের ছাঁট। কেউ আবার চুলে রং করতে পছন্দ করেন।
কিন্তু সমাজতান্ত্রিক চীনে ফুটবলারদের এসব শখ মেটাতে ব্যক্তিগত স্বাধীনতা কি আছে? প্রশ্নটা উঠছে কারণ, সেই স্বাধীনতা হরণের প্রভাব পড়ল কিনা একটা ফুটবল ম্যাচে!
ঘটনাটা চীনের এক মহিলা বিশ্ববিদ্যালয়ে। চীনের ফুজিয়ানের দক্ষিণ–পূর্বাঞ্চলের একটা প্রদেশের ফুঝো ও জিমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলেজ লিগের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচটা খেলতে দুই দলই প্রস্তুত হয়ে এসেছিল মাঠে।
কিন্তু ফুটবলারদের চুলের রং বাধা হয়ে দাঁড়ায়। দুই দলের ফুটবলাররাই নিজেদের চুল নানা রঙে রাঙিয়ে নিয়েছিলেন।
কিন্তু কর্তৃপক্ষের সেটা পছন্দ হয়নি। দলগুলোকে চুলে রং না করতে আগেই সতর্ক করা হয়েছিল। গত ৩০ নভেম্বর সেই ম্যাচে নিয়মটি মানেননি দুই দলের খেলোয়াড়েরা।
এরপর কর্মকর্তারা যেসব ফুটবলারের চুলে রং করা ছিল, তাঁদের বাদ দিয়েই খেলা চালানোর উদ্যোগ নেন।
এসব দেখে তড়িঘড়ি করে ফুঝো বিশ্ববিদ্যালয়ের এক ফুটবলার চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তাঁর চুল যথেষ্ট কালো ছিল না এবং চুল তখনো ঠিকমতো শুকাতে পারেননি, এ অজুহাতে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।
স্থানীয় এক পত্রিকায় ঝাং ঝি ছদ্মনামে একজন দর্শক বলেন, ‘ওই ম্যাচের আগে ফুঝো বিশ্ববিদ্যালয়ের অনেক ফুটবলারকে তিনি দৌড়াতে দৌড়াতে সেলুনে যেতে দেখেছেন এবং পরচুলা কিনতে দেখেছেন।’
সব মিলিয়ে ভজকট একটা অবস্থা। শেষ পর্যন্ত ১১ জন ফুটবলার জোগাড় করাই দুষ্কর হয়ে পড়ে ফুঝো দলের। এর প্রভাব পড়ে মাঠে।
প্রয়োজনীয় সংখ্যক খেলোয়াড় জোগাড় করতে না পারার কারণ দেখিয়ে ফুঝো বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হয়।
পুরো বিষয়টি নিয়ে জানতে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করে ফুঝো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু তারা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি।
তবে চায়না নিউজ বিশ্ববিদ্যালয়কে উদ্ধৃত করে বলেছে, চুল রঙিন করায় নিষেধাজ্ঞা বেইজিংয়ের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে খেলোয়াড়দের আগেই শর্ত দেওয়া হয়েছিল যে তারা তাদের চুল রং করতে পারবে না। চুলের অদ্ভুত রকমের ছাঁট দিতে পারবে না। এমনকি কোনো পরচুলাও পরতে পারবে না।’ ম্যাচ শুরুর আগে দেশব্যাপী এ আদেশ দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এ আদেশের বিরুদ্ধে বিরক্ত প্রকাশ করেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি দেখিয়েছেন ৪০০ মিলিয়নের বেশি লোক।
একজন ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, ‘ভেবেছিলাম, আমি উত্তর কোরিয়ার সংবাদ পড়ছি।’ আরেকজন লিখেছেন, ‘আমি কি সত্যিই একুশ শতকে বাস করছি?’
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একজন ফুটবলপ্রেমী এবং বিশ্বের জনপ্রিয় খেলাধুলায় চীনকে সবার ওপরে তুলে ধরার চেষ্টা করে চলেছেন তিনি। কিন্তু তাঁর দেশের জাতীয় দলের ফুটবলাররা নিজেদের শরীরের ট্যাঁটুগুলো আড়াল করতে লম্বা হাতাওয়ালা জার্সি পরছেন, না হয় ব্যান্ডেজ দিয়ে সেগুলো ঢেকে রাখছেন।
বাস্তবতা হচ্ছে, কালি দিয়ে শরীরে আঁকাআকি করা ঐতিহ্যগতভাবেই কমিয়ে আনা হচ্ছে চীনে। কিন্তু তরুণদের কাছে এসব বিষয় দিনকে দিন শুধুই জনপ্রিয় হচ্ছে এবং সেটা কর্তৃপক্ষের সব আদেশ–নিষেধের তোয়াক্কা না করেই।