চূড়ান্ত পর্বে যাবে একটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছিল ‘বি’ গ্রুপ থেকে দুটি দল উঠবে চূড়ান্ত পর্বে। কিন্তু টুর্নামেন্টের বাছাইপর্বের জন্য ঢাকায় আসা ‘বি’ গ্রুপের ম্যাচ কমিশনার ফিলিপাইনের ক্রিস্টিনা রামোস জানালেন, প্রতি গ্রুপ থেকে একটি দলই যাবে চূড়ান্ত পর্বে। বিষয়টি ব্যাখ্যা করে বললেন, এএফসির বাইলজ অনুসারে লিগ পদ্ধতিতে খেলা হবে। লিগ টেবিলে থাকা শীর্ষ দলটিই চীনে যাবে চূড়ান্ত পর্বে খেলতে।
তবে বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন অন্য কথা, ‘টুর্নামেন্টের “বি” গ্রুপ থেকে কাতার নাম প্রত্যাহার করে নেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। আগের বাইলজ অনুযায়ী দুটি দলেরই চূড়ান্ত পর্বে যাওয়ার কথা ছিল। তার পরও আমরা এই বিষয়টি নিয়ে এএফসির সঙ্গে কথা বলব।’
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা হচ্ছে এশিয়ার দুই অঞ্চলের দেশগুলোকে নিয়ে। পশ্চিমাঞ্চলে রয়েছে ‘এ’ ও ‘বি’ গ্রুপ। দক্ষিণ, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল মিলিয়ে খেলা হচ্ছে ‘সি’ ও ‘ডি’ গ্রুপে।
বাছাইপর্ব উতরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলবে ৮টি দল। আগামী বছর চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে ২০১৩ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেরা চারটি দল—চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ উত্তর কোরিয়া, তৃতীয় চীন ও চতুর্থ থাইল্যান্ড। বাকি চারটি দল হিসেবে তাদের সঙ্গী হবে চার গ্রুপের চার চ্যাম্পিয়ন। এরই মধ্যে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ও ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন চীনা তাইপে চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে।