চূড়ান্ত পর্বে চোখ যুবাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদটা একটু অন্য রকমই কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। ছুটি মেলেনি ঈদে। ২ অক্টোবর ঢাকায় শুরু এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে ভালো করার তাগিদে এই ‘ত্যাগ’ হাসিমুখেই মেনে নিয়েছেন তরুণ ফুটবলাররা।
বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভুটান পরশু ঢাকায় চলে এসেছে। উজবেকিস্তান আসবে আজ। আগামীকাল আসার কথা ‘এ’ গ্রুপের আরেক দল শ্রীলঙ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২ অক্টোবর শ্রীলঙ্কা, ৪ অক্টোবর ভুটান ও ৬ অক্টোবর উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
দশ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেরা পাঁচ রানার্সআপ যাবে চূড়ান্ত পর্বে। ১৬ দল নিয়ে আগামী বছর যে পর্ব হবে বাহরাইনে। বাংলাদেশের যুবাদের চোখ সেই চূড়ান্ত পর্বেই। দলের অন্যতম ভরসা রহমতগঞ্জের ফরোয়ার্ড মান্নাফ রাব্বি বললেন, ‘নেপালে গত সাফে ভুটানের সঙ্গে ২-০ গোলে জেতার পর ওদের কয়েকজন ফুটবলার বলেছিল, তোমাদের দেশে (ঢাকায়) গিয়ে এর শোধ নেব। আমরাও চ্যালেঞ্জটা নিয়েছি। ভুটানকে তো হারাবই, শ্রীলঙ্কা-নেপালের বিপক্ষেও জিততে চাই।’ শুধু উজবেকিস্তানকেই নিজেদের চেয়ে এগিয়ে রাখছেন রাব্বি, ‘ওদের নিয়েই যা একটু ভয় আমাদের। এ দলটির কোনো ম্যাচ ভিডিও দেখিনি। তবে ঢাকায় ওদের দেখার সময় পাবেন কোচ।’
এক মাস আগে নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলে আসা বাংলাদেশ দলটি এখন অনেকটাই পরিণত বলছেন প্রধান কোচ সাইফুল বারী। লিগে ব্যস্ত থাকায় তখন অনেক ফুটবলারই ক্যাম্পে শেষ মুহূর্তে যোগ দিয়েছিলেন। সেই সমস্যা এখন আর নেই। ফুটবলারদের মধ্যে বেড়েছে বোঝাপড়া। গত লিগে মোহামেডানের জার্সি গায়ে চোখকাড়া মোহাম্মদ ইব্রাহিমকে সাহস জোগাচ্ছে এসবই, ‘সাফের জন্য আমরা তেমন প্রস্তুত ছিলাম না। তারপরও সেমিফাইনালে উঠেছি। এখানে নিজের মাঠে ফল আরও ভালো হওয়া উচিত। আমরা চূড়ান্ত পর্বে উঠতে চাই।’
অনূর্ধ্ব-১৬ দল থেকে এই দলে সুযোগ পেয়েছে সারোয়ার জামান নিপু ও মোহাম্মদ সাদ। এদের নিয়েও খুবই আশাবাদী প্রধান কোচ, ‘আমাদের দলে এমনিতেই স্কোরার কম। এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে নিপুর পারফরম্যান্স আমাদের ভালো লেগেছে। ওর অন্তর্ভুক্তিতে দলের শক্তি আরও বাড়বে।’