চেক নয়, কোর্তোয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতে ১ গোল খেয়েছিলেন বটে, শেষ পর্যন্ত থিবো কোর্তোয়ার চেলসি-অভিষেক মন্দ হয়নি! পরশু বার্নলির সঙ্গে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি  l এএফপি
শুরুতে ১ গোল খেয়েছিলেন বটে, শেষ পর্যন্ত থিবো কোর্তোয়ার চেলসি-অভিষেক মন্দ হয়নি! পরশু বার্নলির সঙ্গে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি l এএফপি

দশ বছর আগের কথা কি মনে আছে পিওতর চেকের? চেলসিতে তখন তিনি নবাগত, কার্লো কুদিচিনি গোলপোস্টের নিচে প্রথম পছন্দ। মৌসুম শুরুর আগে হঠাৎ চোটে পড়ে গেলেন কুদিচিনি। কী আর করা, আনকোরা চেকের ওপরই ভরসা রাখতে হলো নতুন কোচ হোসে মরিনহোকে। প্রথম ম্যাচে সেই যে গোলপোস্টের নিচে দাঁড়ালেন, পরের দশ বছর চেকের জায়গা নিয়ে আর প্রশ্ন ওঠেনি।
নিয়তির অদ্ভুত খেলাই, সেই মরিনহোই এবার চেককে বসিয়ে রেখেছেন বেঞ্চে। চেলসি খেলছে, অথচ নিজে মাঠের বাইরে—চেকের জন্য অনুভূতিটা দুঃসহই হওয়ার কথা। মরিনহোরও কি সিদ্ধান্তটা নিতে কম কষ্ট হয়েছে? থিবো কোর্তোয়া আর চেকের মধ্যে একজনকে বেছে নেওয়া যেকোনো কোচের জন্য কঠিন। কিন্তু পরশু বার্নলির সঙ্গে ৩-১ গোলে জিতে লিগ শুরু করল চেলসি। যে ম্যাচে শেষ পর্যন্ত কোর্তোয়াকেই নামিয়েছেন মরিনহো। তাহলে কি শেষই হয়ে গেল চেক-যুগের?
মরিনহো অবশ্য বলছেন চেকের সামনে এখনো দুয়ার খোলা, ‘ও (কোর্তোয়া) পুরো মৌসুমের জন্য আমার প্রথম পছন্দ নয়। এই ম্যাচে সে আমার প্রথম পছন্দ ছিল। পরের ম্যাচে সুযোগ পাওয়ার মতো যথেষ্টই ভালো খেলেছে সে।’ একই সঙ্গে কোর্তোয়াকে সতর্কবাণীও যেন শোনালেন, ‘চেকের মতো একজন আদ্যন্ত পেশাদার দলে থাকার পর আপনি যদি পারফর্ম করতে না পারেন, তাহলে আপনার কপালে দুর্ভোগ আছে।’
দুজনকেই যে দলে ধরে রাখতে চান, এটাও জানিয়ে দিলেন মরিনহো, ‘আমি ওকে (চেককে) রেখে দিতে চাই, ক্লাবও তাই চায়। না খেলতে পারলে কোনো খেলোয়াড়ই খুশি থাকে না। কিন্তু আমি পিওতরকে চিনি, ও হাল ছেড়ে দেওয়ার লোক নয়।’
পরশু কোর্তোয়া তো ছিলেনই, আলো ছড়িয়েছেন চেলসিতে অন্য দুই নবাগত সেস ফ্যাব্রিগাস ও ডিয়েগো কস্তাও। শুরুতে পিছিয়ে পড়ার পর কস্তাই সমতা এনেছিলেন। পরে আন্দ্রে শুরলে ও ব্রানিস্লাভ ইভানোভিচ গোল করে চেলসিকে সহজ জয়ই এনে দিয়েছেন। তবে ফ্যাব্রিগাস যেমন খেলেছেন, সেটাই বেশি আপ্লুত করেছে মরিনহোকে। তিনটি গোলেই অবদান রেখেছেন স্প্যানিশ মিডফিল্ডার। মরিনহো তো বলেই ফেললেন, ‘বার্সেলোনায় তাকে এত পজিশনে খেলানো হয়েছে যে এখন আমার চেয়ে সে-ই ভালো জানে তার জন্য সেরা কোনটা। আমাদের যেটা দরকার ছিল, মধ্যমাঠে স্থিতিশীলতা ও প্রত্যুৎপন্নমতিত্ব, দুটিই সে দিতে পারছে।’ এএফপি।