চেক-কোর্তোয়া এবং মরিনহো
চেক না কোর্তোয়া? অনেক ভাবনা-চিন্তার পর অবশেষে মরিনহোর সিদ্ধান্ত—থিবো কোর্তোয়া।
গত এক দশক ধরে যিনি চেলসির ১ নম্বর গোলরক্ষক, গত সোমবার লিগের প্রথম ম্যাচে তাই সেই পিওতর চেককে কাটাতে হলো বেঞ্চে বসে। তিক্ত এই অভিজ্ঞতায় চেকের মন খারাপ হওয়াই স্বাভাবিক। খুশি থাকার কারণ নেই এটা মানছেন কোচ মরিনহোও। তবে বাদ পড়ার পরও চেকের প্রতিক্রিয়ায় খুবই সন্তুষ্ট চেলসি কোচ। ভাসিয়েছেন প্রশংসায়।
নিজেই বলেছিলেন, এটা তাঁর জন্য খুব কঠিন সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মরিনহো কি চেকের সঙ্গে কথা বলেছিলেন? চেলসির পর্তুগিজ কোচের স্পষ্ট উচ্চারণ, ‘যদি আমি আজ তার সঙ্গে কথা বলি, আগামীকাল অন্য আরেকজনের সঙ্গে কথা বলতে হবে। এরপর আরেকজনের সঙ্গে, তারপর আরেকজনের সঙ্গে। আমি আমার ক্যারিয়ারে কখনোই তা করিনি। সিদ্ধান্তের ব্যাপারে আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলি না।’ চেলসি কোচের কথা, ‘ছেলেরা সবাই জানে আমার অফিস কোথায়। তাদের ব্যাখ্যার দরকার হলে আসতে পারে, আমার দরজা খোলা। কিন্তু পিওতর আমার কাছে আসেনি।’
লিগে চেককে খেলাতে পারছেন না। তবে সামনে লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ শুরু হলে এই সমস্যা থাকবে না বলেই মনে করেন মরিনহো। বলেছেন তখন সবাইকে পর্যায়ক্রমে খেলানো যাবে, ‘অবশ্যই পিওতর খেলবে। পিওতরকে খেলাতে আমার কোনো সমস্যা নেই।’
চেক চেলসি ছাড়তে চাইছেন বলেই গুঞ্জন। মরিনহো বলছেন, চেক যদি ক্লাব ছাড়তে চায়, ক্লাব বা তিনি তাতে বাধা হবেন না। তাঁকে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হবে। তবে ব্যক্তিগতভাবে মরিনহো চান চেক চেলসিতেই থেকে যাক। একই চাওয়া যার কারণে চেকের এই দুর্ভাগ্য, সেই কোর্তোয়ারও, ‘আমি চাই সে থেকে যাক। এমনকি সে যদি খেলতে না-ও পারে, তবু অনুশীলনে সে আমাকে অনেক সাহায্য করতে পারবে। আমি এখনো তার কাছ থেকে শিখতে পারি, কারণ তার অভিজ্ঞতা অনেক।’ এএফপি, গোলডটকম।