চেক-কোর্তোয়ার লড়াই

পিওতর চেক এক দশক ধরেই গোলপোস্টে চেলসির আস্থার প্রতীক। দলের ১ নম্বর গোলরক্ষক। কিন্তু চেলসিতে চেকের একাধিপত্যের দিন বুঝি ফুরোল! চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থিবো কোর্তোয়া। ২২ বছর বয়সী এই বেলজিয়ানের মূল ক্লাবে প্রত্যাবর্তনে কোচ হোসে মরিনহো পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন, শুরুর একাদশে জায়গা নিয়ে চেক ও কোর্তোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
২০১১ সালে বেলজিয়ান ক্লাব গেঙ্ক থেকে কোর্তোয়াকে পাঁচ বছরের চুক্তিতে নিয়ে এসেছিল চেলসি। কিন্তু লন্ডনের ক্লাবটিতে একটা ম্যাচও খেলা হয়নি তাঁর। ওই বছরই তাঁকে অ্যাটলেটিকো মাদ্রিদে ধারে খেলতে পাঠায় চেলসি। স্প্যানিশ ক্লাবটিতে শুরু থেকেই কোর্তোয়া নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। গত মৌসুম তো দারুণ গেছে তাঁর। অ্যাটলেটিকোকে ১৮ বছর পর লিগ শিরোপা জেতাতে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যেতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
গত মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় কেউ কেউ কোর্তোয়াকেই এগিয়ে রাখছেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাঁর, সেই মরিনহো বলছেন কোর্তোয়ার সঙ্গে লড়াই করতে চেকও প্রস্তুত। গত মে মাসে কাঁধে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করিয়েছিলেন চেক। তবে সুস্থ হয়ে এখন প্রাক-মৌসুম প্রস্তুতিতে চেক বিস্তর খাটাখাটি করছেন। শিষ্যের একাগ্রতা দেখে কোচ মরিনহো মুগ্ধ, ‘পিওতর কঠোর পরিশ্রম করছে। অস্ত্রোপচারের পর প্রায় নির্ধারিত সময়ের মধ্যেই সেরে উঠেছে এবং সে তার জায়গা ধরে রাখার জন্য লড়তে প্রস্তুত।’
স্কাই স্পোর্টস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো আরও বলেছেন, ‘কোর্তোয়া মাত্রই এসেছে...সে বিশ্বের সেরা তরুণ গোলরক্ষক। আশা করি তাদের লড়াইটা হবে দারুণ। পিওতর ও থিবোর একই দলে থাকাটা আমার জন্য মধুর সমস্যা। তবে আমি কখনোই সিদ্ধান্ত নিতে ভয় পাই না।’
কোর্তোয়াও ভালো করেই জানেন চেলসিতে তাঁকে চেক নামের দুর্দান্ত একজন গোলরক্ষকের সঙ্গে লড়াই করতে হবে। তবে বেলজিয়ামের হয়ে বিশ্বকাপ খেলে গত সপ্তাহেই চেলসি সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া কোর্তোয়া আত্মবিশ্বাসী, ‘আমাকে শুধু কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং অনুশীলনে নিজেকে প্রমাণ করতে হবে। আমি যদি ভালো খেলতে পারি, আশা করি কোচ আমাকে বেছে নেবেন। সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য।’
কোর্তোয়া চেলসিতে নিজের জায়গা পাকা করার স্বপ্নে বিভোর। ওদিকে তাঁর জাতীয় দল সতীর্থ রোমেলু লুকাকু চেলসি ছেড়ে যোগ দিয়েছেন এভারটনে। গত মৌসুমে লিভারপুল শহরের এই ক্লাবটিতে ধারে খেলে আলো ছড়িয়েছেন। তারই পুরস্কার হিসেবে ক্লাব রেকর্ড তিন কোটি ৫৪ লাখ ইউরো ট্রান্সফার ফি দিয়ে পাঁচ বছরের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে এভারটন। মরিনহো বলছেন, চেলসিতে জায়গা পেতে লড়াই করতে রাজি নয় বলেই লুকাকুকে বিক্রি করে দেওয়া হয়েছে। রয়টার্স ও এএফপি।