চেনা ছন্দে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ কোটানের আফসোস, ‘স্কোরটা ৬-১ হতে পারত!’ আবাহনীর অস্ট্রিয়ান কোচ যখন বাংলাদেশ ছেড়ে ফিফায় কাজ করতে যাচ্ছেন, তখনই যেন আড়মোড়া ভেঙে জেগে উঠছে তাঁর দল! প্রথম পর্বে খোঁড়াতে থাকা আবাহনী দ্বিতীয় পর্বে খেলছে দুর্দান্ত। টানা দুই ম্যাচে জয়। কাল ফেনী সকারকে ৩-০ গোলে হারানোর পরও কোটান অসন্তুষ্ট স্ট্রাইকাররা একাধিক সুযোগ নষ্ট করেছে বলেই।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অবশ্য তৃপ্তই দেখাল কোটানকে, ‘আমি আবাহনীতে আসার পর থেকে অনুশীলনে যেভাবে শিখিয়েছি আজই প্রথম তেমন পরিকল্পনা অনুসারে খেলেছে ছেলেরা। যথেষ্ট গোল যদিও করেনি ওরা, তবুও বলব এটা আমাদের সেরা ম্যাচ।’
ভুল বলেননি। আবাহনীর সবচেয়ে বড় সমস্যা, স্ট্রাইকারদের গোল না পাওয়া। দ্বিতীয় পর্বে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা আসায় গোলখরা কেটেছে। গত ম্যাচের মতো কালও সিজোবার জোড়া গোল। অন্য গোলটি ছোট শাহেদের। এই আবাহনী যেন নতুন করে লিগ শিরোপার স্বপ্ন দেখার সাহস পাচ্ছে।
আগের ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে দুর্দান্ত খেলে ড্র করা ফেনী সকার কাল ছিল সাদামাটা। তারপরও আবাহনীকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৮ মিনিট পর্যন্ত। বাঁ প্রান্ত দিয়ে কোমলের নিখুঁত পাস, সিজোবার প্লেসিংয়ে এগিয়ে যায় আবাহনী।
৬৭ মিনিটে আবারও নায়ক সিজোবা! ছোট শাহেদের বাড়িয়ে দেওয়া বলে তাঁর গোলার মতো শট ক্রসবারের কানায় লেগে ঢোকে জালে। ৬৯ মিনিটে জয় নিশ্চিত হয় শাহেদের গোলে, এবার বল দিয়েছিলেন ওসেই মরিসন।
ফেনী সকারের বলার মতো আক্রমণ একটাই। ৪৬ মিনিটে ফরোয়ার্ড সোহেল মিয়া গোলরক্ষক জিয়াকে একা পেয়েও বল মারেন বাইরে!
প্রথমার্ধেই অন্তত এক হালি গোল দিতে পারত আবাহনী। ফেনী সকারের গোলরক্ষক তোহানকে একা পেয়ে কখনো ওসেই মরিসন মাথার ওপর দিয়ে বল মেেরছেন বাইরে, কখনো তুলে দিয়েছেন তাঁর হাতে!
জয়ের ধারায় থাকা আবাহনীর জন্য আত্মবিশ্বাসের জ্বালানি মনে করেন কোটান, ‘এই জয়ে ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। ওরা এখন ভাবতে পারবে যে, আমরাও ভালো খেলতে পারি, জিততে পারি।’
১৭ জুলাই ঢাকা ছেড়ে যেতে পারেন। তার আগে আরও অন্তত যে তিনটি ম্যাচ পাচ্ছেন, সেগুলোতে জিততে চান কোটান। কালকের জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে উঠে এল আবাহনী। ৯ পয়েন্ট নিয়ে নয়েই রইল ফেনী সকার।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা। ৬৯ মিনিটে ফয়সাল মাহমুদের গোলে মুক্তিযোদ্ধ এগিয়ে গেলেও ৮০ মিনিটে তাদের জয়বঞ্চিত করেন চৌম্রিন রাখাইন। এই ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পাঁচে মুক্তিযোদ্ধা। ৬ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী দশে।
শেখ রাসেলের জয়
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেছে শেখ রাসেল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ২৬ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জান জে ইকাঙ্গা। ৬৪ মিনিটে একটি গোল শোধ করেন ব্রাদার্সের কেস্টার আকন। ৮৮ মিনিটে রাসেলের তৃতীয় গোলটি করেন ওই ইকাঙ্গা।