চেনা প্রতিপক্ষই নতুন রূপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো মুখোমুখি না হওয়া—এটা যেমন দুই ক্লাবের নিয়তি ছিল, আবার পরপর দুই মৌসুমে টানা দেখা হবে, এটাও যেন নিয়তিই ঠিক করে রেখেছিল। কোন দুটি ক্লাবের কথা বলা হচ্ছে বুঝে গেছেন নিশ্চয়ই? বার্সেলোনা আর আয়াক্স। ইউরোপেরও দুই পরাশক্তি, অথচ গত মৌসুমের আগ পর্যন্ত কোথাও কোনো প্রতিযোগিতায় দুই ক্লাব মুখোমুখি হয়নি। কোনো সন্দেহ নেই, গতবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার আগে এ তথ্যটা অনেককেই একটু চমকে দিয়েছিল।

গত মৌসুমের মতো এবারও বার্সেলোনা-আয়াক্স চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে মুখোমুখি। দুই দল আজ খেলবে ন্যু ক্যাম্পে, আমস্টারডামে পরের ম্যাচটা ৫ নভেম্বর। এবার অবশ্য লড়াইটা নতুন মাত্রা পেয়েছে অন্য একটা কারণে। বার্সেলোনারই একসময়ের দুই সতীর্থ লুইস এনরিকে ও ফ্রাঙ্ক ডি বোর আজ কোচ হিসেবে মুখোমুখি হবেন প্রথমবারের মতো।

গতবারের লড়াইটা শেষ পর্যন্ত সমতাতেই শেষ হয়েছিল। ন্যু ক্যাম্পে লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা জিতেছিল ৪-০ গোলে, আমস্টারডামে ফিরতি ম্যাচে আয়াক্স শোধ নিয়েছিল বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে। যদিও শেষ পর্যন্ত আয়াক্স গ্রুপ পেরোতে পারেনি, বার্সেলোনা গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। আজও নিশ্চয়ই নিজের মাঠে গতবারের গ্রুপের ম্যাচটার মতোই ফল প্রত্যাশা করছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে?

বার্সার প্রত্যাশা একই থাকলেও এবার পরিস্থিতিটা বদলে গেছে যথেষ্টই। গত চ্যাম্পিয়নস লিগে তাদের শুরুটাই হয়েছিল আয়াক্সের বিপক্ষে ওই জয় দিয়ে। এবার অ্যাপোয়েলের সঙ্গে প্রথম ম্যাচে ১-০ গোলের সাদামাটা জয়ের পরের ম্যাচে পিএসজির কাছে হেরেই গেছে। আজ জয়টা তাই শুধু চাওয়া নয়, বেশ জরুরিও এনরিকের দলের জন্য। আগামী শনিবারের এল ক্লাসিকো নিয়ে কয়েক দিন ধরে চলতে থাকা উন্মাদনার মধ্যেও তাই বার্সা খেলোয়াড়েরা পুরো মনোযোগ রাখতে চাইছেন এই ম্যাচে। হাভিয়ের মাচেরানো যেমন বলেই দিয়েছেন, ‘আমাদের কাছে সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের পরের ম্যাচ, আর সেটা আয়াক্সের বিপক্ষে।’ ক্লাসিকোতে পুরো আত্মবিশ্বাস নিয়ে যেতে হলেও যে এই ম্যাচের জয়টাকে জরুরি বলেছেন বার্সার আর্জেন্টাইন খেলোয়াড়।

পিএসজি ও অ্যাপোয়েলের সঙ্গে পরপর দুই ম্যাচ ড্র করায় আজ ন্যু ক্যাম্পে জিততে চাইবে আয়াক্সও। কোচ ফ্রাঙ্ক ডি বোরও বলে দিয়েছেন, ‘আমাদের লক্ষ্য কিছু পয়েন্ট নিয়ে ফেরা।’

এবারও একটি চেনা লড়াইয়ে মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও সিএসকেএ মস্কো। গতবার সিটি ম্যানচেস্টার ও মস্কোর দুটি ম্যাচেই জিতেছিল। পেলেগ্রিনির দল আজ সেই আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামবে মস্কোয়। খেলাটা হবে দর্শকহীন মাঠে। গত মৌসুমে সিটির বিপক্ষে ম্যাচেই ইয়া ইয়া তোরের সঙ্গে সিএসকেএ সমর্থকেরা বর্ণবাদী আচরণ করেছিলেন। গত মাসে রোমার বিপক্ষে ম্যাচেও একই আচরণের কারণে এবার রুশ ক্লাবটিকে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে উয়েফা। যদিও সিটি কোচ পেলেগ্রিনি মানছেন, এই নিস্তব্ধতা ফুটবলের জন্য মঙ্গলজনক নয়, ‘ফুটবল তো সমর্থকদের জন্যই। এভাবে ফুটবল খেলা শুধু মস্কোর জন্য নয়, আমাদের জন্যও অস্বস্তিকর।’

সিটি-মস্কোর গ্রুপেরই অন্য দল বায়ার্ন মিউনিখ আগের দুটি ম্যাচই জিতেছে। কিন্তু কোনো জয়ই ‘বায়ার্নসুলভ’ হয়নি। গত মাসে মিউনিখে সিটির বিপক্ষে জয়টা জেরোম বোয়াটেংয়ের শেষ মুহূর্তের একমাত্র গোলে, পরের ম্যাচে মস্কোকেও হারিয়েছে তারা পেনাল্টি থেকে মুলারের দেওয়া একমাত্র গোলে। অন্যদিকে রোমা এবার চ্যাম্পিয়নস লিগ শুরুই করেছে মস্কোকে ৫-১ গোলে হারিয়ে। ইতিহাদে পরের ম্যাচে ১-১ ড্র করেছে সিটির সঙ্গে। রোমের অলিম্পিক স্টেডিয়ামে আজকের ম্যাচ নিয়ে তাই খুব সতর্ক পেপ গার্দিওলা, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে অন্তত এক পয়েন্ট নিয়ে ফেরা, যাতে গ্রুপের শীর্ষেই থাকতে পারি।’ রয়টার্স, এএফপি।

আজ মুখোমুখি 

সিএসকেএ মস্কো :  ম্যান সিটি

                রোমা :  বায়ার্ন মিউনিখ

              শালকে :  স্পোর্টিং লিসবন

               চেলসি :  মারিবর

        অ্যাপোয়েল :  পিএসজি

         বার্সেলোনা :  আয়াক্স

              পোর্তো :  বিলবাও

              বরিসভ :  শাখতার

* স্বাগতিক দল প্রথমে