চেনা প্রতিপক্ষের চেনা দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানে হাতে বল নিলেও আজ রাকিটিচ-নেইমারকে পায়েই আলো ছড়াতে হবে। পরশু অনুশীলনে দুই বার্সেলোনা সতীর্থ l এএফপি
এখানে হাতে বল নিলেও আজ রাকিটিচ-নেইমারকে পায়েই আলো ছড়াতে হবে। পরশু অনুশীলনে দুই বার্সেলোনা সতীর্থ l এএফপি

বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বেই মুখোমুখি হওয়াটা যেন নিয়তি নির্ধারিত! এ নিয়ে চার বছরে তিনবারই একই গ্রুপে দুই দল। ২০১১-১২ মৌসুমে দুই দলই জিতেছিল নিজ নিজ মাঠে, দুই দলই জিতেছিল ২-০ গোলে। গত মৌসুমে হয় উল্টো। সিটির মাঠে গিয়ে বায়ার্ন জিতেছিল ৩-১ গোলে। ডিসেম্বরে গ্রুপপর্বের শেষ ম্যাচে সিটি তার প্রতিশোধ নিয়েছিল আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে হারিয়ে। ২-০তে পিছিয়ে পড়েও সিটি মাঠ ছেড়েছিল ৩-২ গোলের জয় নিয়ে। আজ সেই আলিয়াঞ্জ অ্যারেনাতে সেই গ্রুপপর্বেই আবার মুখোমুখি দুই চেনা প্রতিপক্ষ বায়ার্ন ও সিটি।

আজ মাঠে নামছে বার্সেলোনা, চেলসি, আয়াক্স, পিএসজি, রোমাসহ ১৬টি দল। তবে সবচেয়ে বড় ম্যাচ বায়ার্ন-সিটিই। গত তিনবারই সেমিফাইনালে উঠে একবার শিরোপাজয়ী বায়ার্ন চোট সমস্যায় জর্জরিত। বাস্তিয়ান শোয়েনস্টাইগার, জাভি মার্টিনেজ, থিয়াগো ও হোলগার বাডস্তুবার নেই। তবে এর মধ্যেও একটু স্বস্তি হয়ে এসেছে, গত শনিবার ফ্রাঙ্ক রিবেরির চোট কাটিয়ে ফেরা এবং বুন্দেসলিগায় গোল করা। বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া ফিলিপ লাম ক্যারিয়ার শেষ করার আগে আরও সাফল্যের জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন, ‘আমি আবার এই ট্রফিটা হাতে নিতে চাই, এই মৌসুমে না হলেও এর পরের তিন মৌসুমে। এই মুহূর্তে আমাদের যে দল, তাতে আমাদের শিরোপা জেতার সুযোগ আছে।’

দুই চেনা প্রতিপক্ষের লড়াইয়ে চেনা দ্বৈরথ হতে পারত ডাগআউটেও। স্পেনে নিয়মিতই মুখোমুখি হয়েছেন পেপ গার্দিওলা ও ম্যানুয়েল পেলেগ্রিনি। বায়ার্ন-সিটির হয়ে মুখোমুখি হয়েছেন গত মৌসুমেও। কিন্তু নিষেধাজ্ঞার কারণে আজ ডাগআউটে থাকছেন না সিটির চিলিয়ান কোচ পেলেগ্রিনি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলা বলে সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার ডেমিচেলিস ও বায়ার্ন ডিফেন্ডার জেরম বোয়াটেংয়ের জন্য ম্যাচটা হয়ে যাচ্ছে আবেগের।

২০০৭ সালের পর গত মৌসুমেই প্রথম সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বার্সেলোনা শুরু করছে সহজ এক ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাদের প্রতিপক্ষ সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়া। বার্সেলোনায় নতুন কোচ লুইস এনরিকের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। লিগে তিন ম্যাচেই জয়। মেসি-নেইমার দুজনেই আছেন দুর্দান্ত ফর্মে। অ্যাপোয়েলের আজ উড়েই যাওয়ার কথা।
স্টামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি শালকে। গত মৌসুমেও এই দুই দল পড়েছিল একই গ্রুপে। দুই ম্যাচেই হোসে মরিনহোর চেলসি জিতেছিল ৩-০ ব্যবধানে। পিএসজি প্রথমবারের মতো যাচ্ছে হল্যান্ডে, প্রতিপক্ষ আয়াক্স। যে ম্যাচটা পিএসজির সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে দাঁড় করিয়ে দিচ্ছে সাবেক ক্লাবের মুখোমুখি। এএফপি।

আজ মুখোমুখি

বার্সেলোনা-অ্যাপোয়েল নিকোসিয়া
মারিবর-স্পোর্টিং লিসবন
পোর্তো-বাতে বারিসভ
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
রোমা-সিএসকে মস্কো
আয়াক্স-পিএসজি
অ্যাথলেটিক বিলবাও-শাখতার দোনেৎস্ক
চেলসি-শালকে
* প্রথমে স্বাগতিক দল