সময় কত দ্রুতই না কত কিছু বদলে দেয়! দুই মাস আগে যখন নকআউট পর্বের ড্র হয়েছিল, পিএসজি হয়তো মনে মনে স্বস্তির একটা ঢেকুর তুলেছিল। সেই স্বস্তি যত না বার্সেলোনা, বায়ার্নের মতো দলকে এড়াতে পারার, তার চেয়ে বেশি তখনকার খাবি খেতে থাকা চেলসিকে পাওয়ার।
হোসে মরিনহোর দল তখন একের পর এক হারে জেরবার। তার ওপর চেলসি তো চেনা প্রতিপক্ষও, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব এ নিয়ে টানা তৃতীয়বার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই দলকে। কিন্তু আজকের ম্যাচের আগে লরাঁ ব্লাঁর পিএসজি কি তখনকার মতো নির্ভার আছে?
মরিনহোর বিদায়ের পর গাস হিডিঙ্ক চেলসিতে এসে এমন কোনো বিপ্লব ঘটিয়ে ফেলেননি। চেলসি এখনো ইংলিশ লিগে শীর্ষ দশের বাইরে। কিন্তু ডুবন্ত নৌকাটি হিডিঙ্ক একটু একটু করে টেনে তুলছেন। সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত চেলসি, গত পরশু লিগে নিউক্যাসলকে ৫-১ গোলে উড়িয়ে একটা বার্তাও দিয়ে রেখেছে পিএসজিকে। চেলসি মিডফিল্ডার উইলিয়ানও তাই দাবি করছেন, ‘আমরা এখন অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। পিএসজি দারুণ একটা দল, দারুণ সব খেলোয়াড় আছে তাদের। কিন্তু ওদের মাঠে গিয়ে আমরা জিততে চাইব।’
হিডিঙ্ক নিজের অতীত অভিজ্ঞতা থেকেও প্রেরণা নিতে পারেন। এর আগেও ২০০৮-০৯ মৌসুমে একবার চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছিলেন। সেবারও চ্যাম্পিয়নস লিগে কোনো ম্যাচ হারেননি। শেষ ষোলোতে জুভেন্টাস ও শেষ আটে লিভারপুলকে হারিয়ে হিডিঙ্কের চেলসি চলে গিয়েছিল সেমিফাইনালে। সেখানে বার্সার সঙ্গে প্রথম লেগ গোলশূন্য থাকার পর নিজেদের মাঠে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার অন্তিম মুহূর্তের গোলে কপাল পোড়ে, বাদ পড়ে যায় অ্যাওয়ে গোলে। এবারও হিডিঙ্ক দায়িত্ব নেওয়ার পর চেলসি এখন পর্যন্ত অপরাজিত ইংলিশ লিগে।
পিএসজির অপরাজিত থাকার কীর্তিটা অবশ্য আরও বড়। ফ্রেঞ্চ লিগে গত মার্চের পর থেকে টানা ৪৪ ম্যাচে হারেনি। এই সপ্তাহে লিলের সঙ্গে গোলশূন্য ড্র না করলে টানা ১৭ ম্যাচে জয় হয়ে যেত দলটির। চেলসির সঙ্গে ম্যাচের জন্য সেদিন নিয়মিতদের অনেককেই অবশ্য বিশ্রাম দিয়েছিলেন কোচ ব্লাঁ।
ওই ম্যাচে বসে থাকলেও আজ মাঠে নামার জন্য নিশ্চয় অধীর হয়েই অপেক্ষা করছেন ইব্রাহিমোভিচ। চেলসির সঙ্গে গতবারের দেখায় লাল কার্ড দেখেছিলেন ইব্রা। চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া তাই সতর্ক, ‘ইব্রাহিমোভিচ অবশ্যই প্রতিশোধ নিতে চাইবেন। তবে আমরাও গত মৌসুমের ম্যাচের কথা ভুলিনি।’
দুই দলই যদি অনেক কিছু ‘মনে রেখে’ নামে, আজ বাড়তি একটু রোমাঞ্চের আশা তো করাই যায়! এএফপি, উয়েফাডটকম, গোলডটকম।