চেলসি, আর্সেনাল ও ভিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করলেন নেইমার, করালেন মেসি। ন্যু ক্যাম্পে পরশু বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় গোলের পর বার্সার জয়ের দুই নায়ক ষ রয়টার্স
গোল করলেন নেইমার, করালেন মেসি। ন্যু ক্যাম্পে পরশু বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার দ্বিতীয় গোলের পর বার্সার জয়ের দুই নায়ক ষ রয়টার্স

শুধু প্রিমিয়ার লিগ বলেই কি ব্যাপারটা এমন?
নইলে লা লিগায় দেখুন, তিনটি করে ম্যাচ হয়ে যাওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল অ্যাটলেটিকো ও বার্সা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দল। তিনটি করে ম্যাচ খেলে বুন্দেসলিগায়ও শীর্ষ তিন দল বেয়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এখানেও খুব বেশি অস্বাভাবিকতা নেই। শুধু প্রিমিয়ার লিগের বেলাতেই যত গড়বড়। চারটি করে ম্যাচ হয়ে যাওয়ার পরও পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে রয়েছে তথাকথিত পাঁচ বড় দলের দুটি! এক নম্বরে চেলসি, পাঁচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। মাঝের তিনটি জায়গা নিয়েছে অ্যাস্টন ভিলা, সোয়ানসি আর সাউদাম্পটন। এ মুহূর্তে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়েই নেই লিভারপুল, আর্সেনাল ও ইউনাইটেড!
শীর্ষে থাকা চেলসি এখন পর্যন্ত কোনো ম্যাচেই পয়েন্ট হারায়নি। শতভাগ জয়ের রেকর্ডের পাশাপাশি চার ম্যাচেই হোসে মরিনহোর দল প্রতিপক্ষের জালে দিয়েছে ১৫ গোল! এখানেও তারা সবার শীর্ষে। এখনো হারের স্বাদ না-পাওয়াদের তালিকায় চেলসির সঙ্গী অ্যাস্টন ভিলা ও আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের দল অবশ্য না হারলেও জিতেছে মাত্র একটি ম্যাচ, ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। অপরাজিত হয়েও তাই পয়েন্ট তালিকার ৭ নম্বরে গানাররা। স্টোক সিটি, নিউক্যাসল আর হাল সিটির সঙ্গে অপরাজিত থাকা অ্যাস্টন ভিলার প্রথম বড় পরীক্ষাটা ছিল পরশু লিভারপুলের বিপক্ষে। কিন্তু অ্যানফিল্ডে ব্রেন্ডন রজার্সের দলকে ১-০ গোলে হারিয়ে দিয়ে ভিলা শুধু অপরাজিত থাকার রেকর্ডটাই ধরে রাখল না, উঠে এল পয়েন্ট তালিকার দুই নম্বরেও।
তবে কয়েক সপ্তাহ পর এ অবস্থানটা অ্যাস্টন ভিলা ধরে রাখতে পারবে কি না, এটাও দেখার বিষয়। ভিলার পরের তিনটি ম্যাচ যে প্রিমিয়ার লিগের তিন পরাশক্তি আর্সেনাল, চেলসি আর ম্যান সিটির সঙ্গে!
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
চেলসি ৪ ৪ ০ ০ ১৫/৬ ১২
অ্যাস্টন ভিলা ৪ ৩ ১ ০ ৪/১ ১০
সোয়ানসি ৪ ৩ ০ ১ ৮/৫ ৯
সাউদাম্পটন ৪ ২ ১ ১ ৮/৩ ৭
ম্যানচেস্টার সিটি ৪ ২ ১ ১ ৭/৪ ৭