চেলসি উড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো কস্তার উদ্যাপন এই মৌসুমে যেন নিয়মিতই হয়ে উঠেছে। লিভারপুলের সঙ্গে গোলের পর চেলসি স্ট্রাইকারের উচ্ছ্বাসের সঙ্গী সতীর্থ উইলিয়ান। কাল অ্যানফিল্ডে l এএফপি
ডিয়েগো কস্তার উদ্যাপন এই মৌসুমে যেন নিয়মিতই হয়ে উঠেছে। লিভারপুলের সঙ্গে গোলের পর চেলসি স্ট্রাইকারের উচ্ছ্বাসের সঙ্গী সতীর্থ উইলিয়ান। কাল অ্যানফিল্ডে l এএফপি

চিৎকার করে রেফারির দিকে ছুটে গেলেন স্টিভেন জেরার্ড। বিস্ময়-ক্ষোভ একাকার লিভারপুল অধিনায়কের মুখে, রেফারি যে পেনাল্টির বাঁশি বাজাননি! পরে রিপ্লে দেখে জেরার্ডের আক্ষেপটা নিশ্চয় আরও বেড়েছে, তাঁর বাঁ পায়ের শটটা তো চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিলের হাতেই লেগেছিল। পেনাল্টি হলে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে যেত লিভারপুল, গত এপ্রিলে দুই দলের আগের লড়াইটার চিত্রনাট্যও হয়তো কাল আবার লেখা হতো না।
ফুটবলে ‘হয়তো বা হতে পারত’ শব্দগুলো আসলে অর্থহীন। দিন শেষে ফলই আসল। চেলসি এ ম্যাচে জিতেছে ২-১ গোলে। হোসে মরিনহোর দল যেন অপ্রতিরোধ্য, ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে। একই রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ১–০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।
অ্যানফিল্ডে স্বাগতিকদের শুরুটা হয়েছিল স্বপ্নের মতোই। লিভারপুলের জার্মান মিডফিল্ডার এমরে চানের শট যখন কাহিলের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে যায়, ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট।
কিন্তু ৫ মিনিট পর কর্নার থেকে গোল করে দায়টা শোধ করে দিলেন কাহিল। বলটা অবশ্য লিভারপুল গোলরক্ষক মিনিয়োলেত ঠেকিয়েই দিয়েছিলেন, গোলের বাঁশি বাজাতে রেফারিকে গোললাইন প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে।
চেলসি জয়সূচক গোল পেল ৬৫ মিনিটে। গোলদাতা ডিয়েগো কস্তা। স্পেন থেকে ইংল্যান্ডে এসে গোল পাচ্ছেন নিয়মিত, প্রিমিয়ার লিগে নয় ম্যাচে তাঁর গোল এখন দশটি।
বার্সার জয়, মুলারের হ্যাটট্রিক
একটা মাত্র গোল! সেটা করতে পারলেই লা লিগার সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে (২৫১ গোল) ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসি। কিন্তু ওই এক গোলের অপেক্ষা যে এত দীর্ঘ হবে, সেটা কি ভেবেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড? ক্লাবের জার্সি গায়ে লিগে তাঁর সর্বশেষ গোল ছিল এইবারের বিপক্ষে গত মাসের মাঝামাঝি। এরপর এল ক্লাসিকো, সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ—কোনোটিতেই গোল পাননি। গোলের দেখা পেলেন না গতকাল আলমেরিয়ার বিপক্ষেও। তাতে অবশ্য বার্সেলোনার জয় আটকায়নি। লিগে আগের দুই ম্যাচে হারের পর কাল লুইস এনরিকের দল আলমেরিয়াকে হারিয়েছে ২-১ গোলে। ৩৭ মিনিটে থিয়েভির গোলে আলমেরিয়া এগিয়ে যাওয়ার পর ৭৩ মিনিটে সমতা ফেরান নেইমার। বার্সার জয়টা নিশ্চিত হয়েছে ৮২ মিনিটে জর্ডি আলবার গোলে।
ওদিকে বুন্দেসলিগায় টমাস মুলারের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। বায়ার্নের অন্য গোলটি করেছেন জেরদান শাকিরি। লিগে ১১ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি বায়ার্ন, ২৭ পয়েন্ট নিয়ে যথারীতি বুন্দেসলিগার শীর্ষে পেপ গার্দিওলার দল। ইএসপিএন, স্টার স্পোর্টস।