প্রায়শ্চিত্ত বুঝি একেই বলে!
প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের মধ্যে 'হ্যান্ডবল' এর অপরাধ করে বসেন। পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়েও পড়ে দল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চেলসি সেই গোল শোধ করতে পেরেছে জর্জিনিও-র দারুণ প্রায়শ্চিত্তের সুবাদে।
যোগ করা সময়ের অন্তিম মুহূর্তে তাঁর ডিফেন্সচেরা পাস থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে স্বস্তি ফিরেছে চেলসি শিবিরে। রাজনৈতিক কারণে মাঠের বাইরে চাপে থাকলেও লিলের মাঠে ঠিকই চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে রোমান আব্রামোভিচের ক্লাব।
বিরতির পর চেলসি অধিনায়ক সিজার আজপিলিকুয়েতাও গোল করেন। শেষ ষোলো ফিরতি লেগের এ ম্যাচ ২-১ গোলে জিতেছে টমাস টুখেলের দল। স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগ ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের বড় জয়ে শেষ আটে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তুরিনে শেষ ষোলোর ফিরতি লেগের অপর ম্যাচে ধাক্কা খেয়েছে জুভেন্টাস। ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরতি লেগ ৩-০ গোলে অবিশ্বাস্যভাবে হেরে বসেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
স্প্যানিশ ক্লাবটির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভিয়ারিয়াল। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো জুভেন্টাসকে।
ঘরের মাঠে ৪-৪-২ ছকে লিল 'আক্রমণাত্বক ফুটবল খেলবে' আন্দাজ করেছিলেন চেলসি কোচ টুখেল। ফরাসি ক্লাবটির শুরুটাও ছিল তেমনই। ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে বেশ ভালো তিনটি আক্রমণ করেন বুরাক ইলমাজ-জোনাথন ডেভিডরা।
চেলসি এর মধ্যে লিলের গোলপোস্ট তাক করে একটি শটও নিতে পারেনি। ৩৮ মিনিটে বক্সের মধ্যে আক্রমণ ঠেকাতে গিয়ে বল হাতে লাগান জর্জিনিও। মাঠের রেফারি তা ধরতে পারেননি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) খেলা থামানোর পর রিপ্লে দেখে পেনাল্টি দেওয়া হয়।
স্পটকিকে চেলসি গোলকিপার এদুয়ার্দো মেন্দিকে অনায়াসে ফাঁকি দিয়ে গোল করতে অসুবিধা হয়নি ইলমাজের। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টি থেকে গোলের রেকর্ড গড়েন ৩৬ বছর ২৪৪ দিন বয়সী তুর্কি স্ট্রাইকার।
গোল হজম করে গা ঝাড়া দিয়ে ওঠেন কাই হাভার্টজ-মার্কোস আলোনসোরা। মাঝমাঠে একটু নিচে খেলা জর্জিনিও একটু ওপরে উঠে আসেন। যোগ করা সময়ের ৩ মিনিটের মাথায় ইতালিয়ান মিডফিল্ডারের থ্রু পাস ধরে দারুণ ফিনিশিংয়ে দুরের পোস্টে গোল করেন পুলিসিচ।
১-১ গোলের সমতায় বিরতিতে যায় চেলসি। দুই লেগ মিলিয়ে অবশ্য তখনো দুই গোল ব্যবধানে এগিয়ে টুখেলের দল।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় লিল। ৬৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইলমাজের ক্রসে হেড করে বল পোস্টে মারেন লিল মিডফিল্ডার জেকা।
তখন ভাগ্য সহায় হলে হয়তো খেলায় ফিরতে পারত লিল। ৭১ মিনিটে বাঁ প্রান্তে ম্যাসন মাউন্টের ক্রস থেকে আজপিলিকুয়েতার গোলে সে সুযোগটুকও মিলিয়ে যায় স্বাগতিকদের।