চেলসি থেকে বিদায় মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো
হোসে মরিনহো

প্রথম দফায় দায়িত্ব নিয়ে বিদায় নিতে হয়েছিল নিজের চতুর্থ মৌসুমে। চেলসির দ্বিতীয় দফায় তৃতীয় মৌসুমে এসে বরখাস্ত হতে হলো হোসে মরিনহোকে। চেলসি নিজেদের ওয়েবসাইটে কাল জানিয়েছে, ‘পারস্পরিক সম্মতির’ ভিত্তিতেই মরিনহো সরে দাঁড়িয়েছেন।
চেলসির প্রথম দফায় নিজেকে ‘স্পেশাল ওয়ান’ ঘোষণা করেছিলেন। দুই বছর আগে চেলসিতে ফিরে পর্তুগিজ কোচ ঘোষণা দিয়েছিলেন, এবার তিনি ‘হ্যাপি ওয়ান’। জানিয়েছিলেন, নিজের শেকড়ে ফেরার অনুভূতি হচ্ছে। কিন্তু দুঃস্বপ্নের এক মৌসুমের মাঝামাঝি এসে মরিনহোকে বিদায়ই নিতে হলো। চেলসিতে তাঁর শূন্য চেয়ারে কে বসছেন, সেটি অবশ্য এখনো জানানো হয়নি।
ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল তিন দিন আগের লেস্টার সিটির কাছে ম্যাচে হারার পরেই। সরাসরি কিছু বলেননি, তবে খেলোয়াড়দের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ একটা প্রচ্ছন্ন অভিযোগ এনেছিলেন মরিনহো। চেলসিতে যে একটা গৃহদাহের বিষবাষ্প ফেনিয়ে উঠেছে, সেটা তখনই বোঝা যাচ্ছিল। কাল চেলসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো আগের কথাটাই আবার বললেন, ‘চেলসি একটা বড় ক্লাব। আর ফুটবল একটা পেশার চেয়েও বেশি, এটা একটা নেশাও। কতজনই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, কয়জন হতে পারে? আপনার মাঠে কোনো সময়ই নষ্ট করা উচিত নয়। প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত। আমি কয়েকজন খেলোয়াড়কে নিয়ে লজ্জিত। বাকিরা সবটুকু দিয়েও হেরে যাচ্ছে, এটা ওদের প্রাপ্য নয়।’
এই মৌসুমে চেলসির যে দশা, তাতে অবশ্য মরিনহোর ভাগ্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল আগেই। এরই মধ্যে ইংলিশ লিগের ১৬ ম্যাচের নয়টিতে হেরে লিগে ১৬ নম্বরে ধুঁকছে। গত মৌসুমে যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, তারাই এবার অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট ওপরে।
লেস্টার সিটির কাছে হারের পরই মরিনহো বলেছিলেন, খেলোয়াড়দের জন্য তাঁর কাজ বিফলে যাচ্ছে। কিন্তু এই ‘বিশ্বাসঘাতক’ কারা? সে ব্যাপারে তিনি মুখ খোলেননি। তবে ইএসপিএন জানিয়েছে, পোর্তোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে চেলসির কিছু খেলোয়াড় প্রতিপক্ষ দলের কাছে তথ্য পাচার করেছিল। মরিনহো সেটা জেনেছেনও। তাহলে খেলোয়াড়দের ‘বিশ্বাসঘাতকতা’র দায়ই মেটাতে হলো দুবারের চ্যাম্পিয়নস লিগজয়ী কোচকে।
দলের ক্রমাগত পতনের পর মালিক রোমান আব্রামোভিচ ক্লাবের পরিচালকদের সঙ্গে গত মঙ্গলবার একটা জরুরি বৈঠকে বসেছিলেন। দুই দিন ধরে চলা বৈঠকেই ঠিক হওয়া সিদ্ধান্তটিই কাল জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে।
কিন্তু মরিনহোর উত্তরসূরি কে হচ্ছেন? অন্তবর্তীকালীন সমাধান হিসেবে চেলসিরই সাবেক কোচ গাস হিডিঙ্কের নামটাই শোনা যাচ্ছে বেশি। তবে স্প্যানিশ দৈনিক এএস বলছে, রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হুয়ান্দে রামোসের সঙ্গেও যোগাযোগ করেছে চেলসি। ডেইলি টেলিগ্রাফ ও টাইমস জানাচ্ছে, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনই লম্বা মেয়াদে আব্রামোভিচের প্রথম পছন্দ। আবার ডেইলি সান-এর দাবি, বায়ার্নের পেপ গার্দিওলার ব্যাপারেও আগ্রহী চেলসি। এএফপি, ইএসপিএন।
হোসে মরিনহো
ক্লাব থেকে ক্লাবে
২০০০ : বেনফিকা
২০০১-০২ : উনিয়াও ডে লেরিয়া
২০০২-০৪ : পোর্তো
২০০৪-০৭ : চেলসি
২০০৮-১০ : ইন্টার মিলান
২০১০-১৩ : রিয়াল মাদ্রিদ
২০১৩-১৫ : চেলসি