চেলসি কি বিক্রি করে দিচ্ছেন আব্রামোভিচ
২০০৩ সালের জুলাই মাসে ১ কোটি ৪০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসির মালিক হয়ে প্রিমিয়ার লিগকে বেশ বড়সড় এক ধাক্কাই দিয়েছিলেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। যে ধাক্কায় মধ্যমসারির এক দল থেকে রাতারাতি বিশ্বের অন্যতম বড় ক্লাবে পরিণত হয় লন্ডনের ‘নীল বাহিনী’।
যখনই দরকার হয়েছে, চেলসির জন্য টাকার বস্তা উপুড় করে দিতে কার্পণ্য করেননি আব্রামোভিচ। যে কারণে একে একে নীল জার্সিটা গায়ে উঠেছে ল্যাম্পার্ড, চেক, দ্রগবা, আনেলকা, তোরেস, কোল, বালাক, ডেকো, এসিয়েন, মাকেলেলেসহ শ খানেক খেলোয়াড়ের।
সেই শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো দলগুলোর সঙ্গে নিয়মিত টেক্কা দিয়েছে চেলসি, জিতেছে একের পর এক শিরোপা। আব্রামোভিচের দেখানো পথ ধরে ধনকুবের মালিকের দিকে ঝুঁকেছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাবগুলো। বিশ্বের ক্লাবগুলোকে দেদারসে টাকা খরচ করার পথ দেখিয়েছেন যে মালিক, সে আব্রামোভিচই এখন চেলসি হারানোর শঙ্কায়। নিজের সন্তানের মতো করে ক্লাবটিকে আগলে রাখা এই ধনকুবের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বেশ বিপাকেই আছেন। কয়েক দিন আগে চেলসিকে দেখভালের দায়িত্ব হস্তান্তর করেছেন দলটার দাতব্য ফাউন্ডেশনের কাছে।
জানা গিয়েছিল, দেখভালের দায়িত্ব ছাড়লেও মালিক হিসেবে আড়াল থেকে ঠিকই কাজ করে যাবেন আব্রামোভিচ, ক্লাবকে বিক্রি করবেন না। কিন্তু ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অবস্থা এতটাই বেগতিক যে চেলসিকে না বিক্রি করে আর পারছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আব্রামোভিচ।
টেলিগ্রাফের সাংবাদিক ম্যাট ল জানিয়েছেন, ২০০৩ সালের পর এই প্রথমবারের মতো চেলসি বিক্রি করার কথা চিন্তা করছেন। চেলসিকে কেনার ব্যাপারে যাঁরা আগ্রহ দেখাবেন, তাঁদের সঙ্গে তাড়াতাড়ি বৈঠকে বসবেন এই ধনকুবের।
এর মধ্যেই সুইজারল্যান্ডের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক ধনকুবের হান্সইয়োর্গ উইস জানিয়েছেন, রোমান আব্রামোভিচ নিজেই তাঁর কাছে প্রস্তাব পাঠিয়েছেন চেলসিকে কেনার জন্য। ৮৬ বছর বয়সী এই ব্যবসায়ী জানিয়েছেন, চেলসিকে কেনার জন্য তাঁর সঙ্গে বেশ কয়েকজন আছেন। সুইস সংবাদমাধ্যম ব্লিকের কাছে এ দাবি করেছেন উইস।
উইস আরও জানান, পুতিনের সঙ্গে সংশ্লিষ্ট আরও অন্যান্য ধনকুবেরের মতো আব্রামোভিচও ভয়ে ভয়ে আছেন, ‘পুতিনের অন্যতম প্রধান বন্ধু ও পরামর্শক হলেন আব্রামোভিচ। অন্য ধনকুবেরদের মতো তিনিও অস্বস্তিতে আছেন। ইংল্যান্ডে তাঁর যতগুলো বাড়ি আছে, সব বিক্রি করার চেষ্টা করে যাচ্ছেন। চাইছেন তাড়াতাড়ি চেলসিকে বিক্রি করে দিতে। আমিসহ আরও তিনজন গত মঙ্গলবার তাঁর কাছ থেকে চেলসিকে কিনে নেওয়ার প্রস্তাব পেয়েছি।’
তবে চেলসির জন্য বড় বেশি দাম চাইছেন আব্রামোভিচ, এমনটাই মত উইসের, ‘আমাকে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে। এখন আব্রামোভিচ চেলসির জন্য অনেক দাম চাইছেন। চেলসির কাছ থেকে তিন বিলিয়ন ডলার পাওনা আছে তাঁর। কিন্তু চেলসির এখন কোনো টাকা নেই। অর্থাৎ চেলসিকে যারা কিনবে, তাদের এ ক্ষতিপূরণ দিতে হবে।’
যুক্তরাষ্ট্রে চিকিৎসাসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনথেস ইউএসএর প্রতিষ্ঠাতা সভাপতি এই উইস। যদিও এখন ওই দায়িত্বে নেই তিনি। পাঁচ বিলিয়ন ডলারের মতো সম্পত্তি আছে তাঁর। আপাতত চেলসির দাম জানা নেই তাঁর, ‘এখন পর্যন্ত আমরা জানি না, ঠিক কত দামে আব্রামোভিচ চেলসিকে বিক্রি করবে। কয়েক ব্যবসায়িক সঙ্গী নিয়ে চেলসি কেনার চিন্তা করছি আমি। আমি যদি চেলসি কিনতে পারি, তাহলে একটা কনসোর্টিয়ামের মাধ্যমে ছয়-সাতজন মিলেই কিনব।’
কিছুদিন আগে ব্রিটেনের হাউস অব কমন্সে চেলসির মালিকানা আব্রামোভিচের কাছ থেকে কেড়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হাউস অব কমন্সে অনুষ্ঠিত এক বিতর্কে সাংসদ ব্রায়ান্ট ব্রিটিশ সরকারের প্রতি আব্রাহিমোভিচের সম্পদ বাজেয়াপ্ত করা এবং চেলসি ক্লাবের মালিকানা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। ব্রায়ান্ট বলেন, তাঁর হাতে যে ফাঁস হওয়া নথি আছে, আর তাতে আব্রামোভিচ সম্পর্কে যা বলা হয়েছে, তাতে কোনোভাবেই ইংল্যান্ডে একটি শীর্ষ ফুটবল ক্লাবের মালিকানা রাখতে পারেন না রাশিয়ান ধনকুবের।