চেলসি শুধু কাগজেই ভালো দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটিকে প্রতীকীও ধরতে পারেন। চেলসির শুধু কস্তা, বাকি সবাই আর্সেনালের। পরশু চেলসিকে সব দিক দিয়েই ছাড়িয়ে গেছে আর্সেনাল, পেয়েছে ৩-০ গোলের জয় l এএফপি
ছবিটিকে প্রতীকীও ধরতে পারেন। চেলসির শুধু কস্তা, বাকি সবাই আর্সেনালের। পরশু চেলসিকে সব দিক দিয়েই ছাড়িয়ে গেছে আর্সেনাল, পেয়েছে ৩-০ গোলের জয় l এএফপি

২৯ অক্টোবর ২০১১। স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি চেলসি ও আর্সেনাল। রবিন ফন পার্সির হ্যাটট্রিকে সেদিন চেলসিকে তাদের মাঠেই ৫-৩ গোলে হারিয়েছিল আর্সেনাল। সেই সুখস্মৃতি নিয়েই দিন কাটাতে হচ্ছিল আর্সেনাল সমর্থকদের। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এরপর যে আর কখনো জয়ের দেখা পায়নি আর্সেনাল! সে জয়খরা কাটল অবশেষে, পরশু এমিরেটস স্টেডিয়ামে আন্তোনিও কন্তের চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
তবে এই দলকে ‘কন্তের চেলসি’ বললে আপত্তি করতে পারেন আন্তোনিও কন্তে। এই মৌসুমেই লন্ডনের ক্লাবটির দায়িত্ব নিয়েছেন। কাগজে-কলমে দুর্দান্ত এক স্কোয়াড, সঙ্গে কন্তের মতো কৌশলী এক কোচ। চেলসিকে এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু পরশু আর্সেনালের বিপক্ষে ছন্নছাড়া যে দলকে দেখা গেল সে দলের পক্ষে তো শিরোপা জয় এখন একটু বাড়াবাড়ি মনে হতে পারে। দলের খেলায় কন্তে এতটাই বিরক্ত যে চেলসিকে শুধুই ‘কাগুজে ভালো দল’ও বলে ফেললেন, ‘আজকের (পরশু) পর মনে হচ্ছে, আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। আমরা এখন শুধু কাগজেই ভালো দল। আমি জানি, আমাদের অনেক কাজ করতে হবে। শুধু কাগজে না মাঠেও ভালো দল হয়ে উঠতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।’
কন্তের মতো ইংলিশ ফুটবলের নতুন অতিথি পেপ গার্দিওলা। গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি শুধু কাগজে না, মাঠেও দুর্দান্ত এক দল হয়ে উঠেছে। লিগের প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে সিটি। এর মধ্যেই চেলসির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে পেপের দল। কন্তের অবশ্য সেদিকে তাকানোর সময় নেই, ‘সিটি মৌসুমের শুরুটা খুব ভালো করেছে। তবে সবার নিজের ঘরের দিকেই নজর দেওয়া উচিত। অন্যের ঘরের দিকে তাকানোটা এখন গুরুত্বপূর্ণ না।’
আর্সেনালে কোচ হিসেবে ওয়েঙ্গারের তৃতীয় দশক শুরু হয়েছে এই ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই চেলসিকে এমন গুঁড়িয়ে দেওয়া জয়! ওয়েঙ্গারও জানিয়ে দিলেন তাঁর দল এখন থেকে এ রকমই খেলবে, ‘আমি এখন আরও বেশি ক্ষুধার্ত, কারণ জানি আরও ২০ বছর হাতে নেই আমার।’ এ জয় দিয়ে লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। টানা চার ম্যাচে জয় পেয়েছে ওয়েঙ্গারের দল। মেসুত ওজিল তাই সমালোচকদের একচোট নিয়ে নিলেন, ‘অনেক তথাকথিত বিশেষজ্ঞ লিগের দ্বিতীয় ম্যাচের পরই আমাদের বাতিল করে দিয়েছিল। কিন্তু প্রিমিয়ার লিগের মৌসুম অনেক বড় এবং আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি।’
পরশু গোল উৎসব করেছে লিভারপুলও। হাল সিটিকে নিজেদের মাঠে ৫-১ গোলে হারিয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে তারা। গোলডটকম।