চেলসি 'কাগুজে' ভালো দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে বিধ্বস্ত চেলসি কোচ আন্তোনিও কন্তে। ছবি: রয়টার্স।
আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরে বিধ্বস্ত চেলসি কোচ আন্তোনিও কন্তে। ছবি: রয়টার্স।

৩-০ গোলের হার। ব্যবধান এমন লজ্জাজনক কিছু নয়। কিন্তু গতরাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ওই হারেই একেবারে ‘বিধ্বস্ত’ ও ‘বিব্রত’ চেলসি কোচ আন্তোনিও কন্তে। কেন? ব্যবধানের চেয়ে বেশি হারের ধরনের কারণে। ঠিক যতটা ছন্নছাড়া ফুটবল খেলেছে চেলসি, ততটাই দুর্দান্ত ছিল আর্সেনাল। আর হারের এই ধরনের কারণেই এতটা খেপেছেন কন্তে যে নিজের দল চেলসিকে শুধুই ‘কাগুজে ভালো দল’ বলতেও দ্বিধা করেননি!

দলের পারফরম্যান্সে স্পষ্টতই বিরক্তি কন্তের। তাই নিজের দলটাকেই একেবারে ‘গড়পড়তা’ হিসেবে উল্লেখ করে বলে দিলেন, ‘আজকের পর আমার মনে হচ্ছে, উন্নতি করতে আমাদের আরও অনেক অনেক পরিশ্রম করতে হবে। আমরা শুধু কাগুজে ভালো দল।’
প্রিমিয়ার লিগে ৬টা করে ম্যাচ হয়ে গেছে বেশির ভাগ দলের। এরই মধ্যে ম্যানচেস্টার সিটি এগিয়ে গেছে অনেক দূর। ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে তারা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেলসি আছে ৮ নম্বরে। শিরোপার দৌড় থেকে কি মৌসুমের শুরু থেকেই ছিটকে গেল চেলসি?
কন্তে এখন সেসব ভাবারও সময় পাচ্ছেন না, ‘সিটি অনেক দূর এগিয়ে গেছে, কারণ ওরা মৌসুমের শুরু থেকেই ভালো খেলছে। তবে অন্যরা কেমন খেলছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমাকে তো আগে নিজের ঘর ঠিক করতে হবে। এখন অন্যের ঘরের দিকে তাকানোর সময় নেই আমাদের।’ সূত্র: রয়টার্স।