চেলসিই চ্যাম্পিয়ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ হয়েছে মাত্র ১১টি করে, বলতে গেলে মৌসুমের পুরোটাই এখনো পড়ে আছে। এত তাড়াতাড়ি কি শিরোপার নিষ্পত্তি হয়? কিন্তু চেলসি এবার যেমনভাবে ছুটছে, তাতে তাদের রোখা মুশকিল। সবচেয়ে বড় কথা, প্রতিদ্বন্দ্বীদের একজনই যখন এটা স্বীকার করে নেন তখন কথাটাকে অন্যভাবে দেখতেই হয়। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার যে লন্ডনের প্রতিবেশীদের হাতেই শিরোপা দেখতে পাচ্ছেন!
এখন পর্যন্ত ১১ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ২৯, দুইয়ে থাকা সাউদাম্পটন পিছিয়ে ৪ পয়েন্টে। শিরোপার অন্য প্রতিদ্বন্দ্বীরা অনেকটাই পিছিয়ে, ২১ পয়েন্ট নিয়ে কাছাকাছি আছে ম্যানচেস্টার সিটি। আর্সেনাল (১৭), ম্যানচেস্টার ইউনাইটেড (১৬) ও লিভারপুলের (১৪) অবস্থা আরও খারাপ। সবাই যেন একের পর এক হোঁচট খেয়ে চেলসির পথ প্রশস্ত করে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ওয়েঙ্গার নিজেই স্বীকার করে নিলেন, ‘এই মুহূর্তে চেলসি ১০০ পয়েন্ট পাওয়ার পথে আছে। ওরা যেভাবে পয়েন্ট পাচ্ছে, এভাবে চলতে থাকলে কেউ ওদের ধরতে পারবে না, এটা নিশ্চিত। ওদের চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা এখন কারও আছে বলে মনে হয় না।’
কিন্তু বাকিদের সঙ্গে চেলসির পার্থক্য আসলে ঠিক কোথায়? ওয়েঙ্গারের ব্যাখ্যা, ‘ওদের শুরুটা ভালো ছিল। আর আগের অভিজ্ঞতা থেকে আমরা জানি, না হারা পর্যন্ত আপনি নিজেকে নিয়ে প্রশ্ন তুলবেন না। এটাই ওদের মানসিকভাবে খানিকটা এগিয়ে রাখছে।’ ওয়েঙ্গার অবশ্য এসব কথা বলেছেন বুকে পাথর বেঁধেই, পরশু যে সোয়ানসির কাছে ২-১ গোলে হেরে গেছে আর্সেনাল। অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যাওয়ার পর সোয়ানসির গিলফি সিগুর্ডসন ও বাফেতিম্বি গোমিস গোল করে জয় এনে দেন স্বাগতিকদের।
গত সপ্তাহেও আন্ডারলেখটের সঙ্গে ৩ গোলে এগিয়েও ড্র করেছিল আর্সেনাল। পরশু এগিয়ে গিয়ে হেরেই গেল। কোত্থেকে কী হচ্ছে সেটা যেন বুঝেই উঠতে পারছেন না ওয়েঙ্গার, ‘কীভাবে আমরা এগিয়ে গিয়েও হারলাম ব্যাখ্যা করা কঠিন। খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ওরা হাল ছেড়ে দেয়নি। মধ্যমাঠেও বেশ কয়েকবার আমরা বল হারিয়েছি। সেসবের মূল্য আমাদের দিতে হয়েছে। আমরা এমন একটা ম্যাচ হেরেছি যেটা হারা আমাদের উচিত ছিল না।’ এএফপি, গোলডটকম।