চেলসিকে আগেই মাতিয়ে দিলেন কন্তে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তোনিও কন্তে
আন্তোনিও কন্তে

ইউরোর শেষ ষোলোতে স্পেনকে হারিয়ে দিয়েছে ইতালি। ইতালির মানুষেরই এখন সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এর বাইরে চেলসি সমর্থকদের খুশিটা যেন বাঁধভাঙা।
অবশ্য ঠিক ইতালি নয়, চেলসি সমর্থকদের খুশির কারণ আন্তোনিও কন্তের সাফল্য। আগামী মৌসুমে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালি কোচ। জুভেন্টাসকে টানা তিনবার সিরি ‘আ’ জেতানো কোচের দুর্দান্ত কৌশলই এবার ইউরোতে ইতালির এমন চমকের কারণ। তবে শুধু কৌশলই নয়, চেলসি সমর্থকদের মন কেড়েছে ডাগ-আউটে ৪৬ বছর বয়সী কন্তের নাটুকে প্রতিক্রিয়াও।
ইতালি-স্পেন ম্যাচে ডাগ-আউটে কন্তের কার্যকলাপ ছিল দেখার মতো। কী চনমনে! প্রতিটি মুহূর্তে একটু ভুল হলেই তাঁর কড়কানি শুনতে হয়েছে ইতালিয়ান খেলোয়াড়দের। রেফারিরাও বাদ যাননি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় নামাতে উয়েফা কর্মকর্তার দেরি হচ্ছিল দেখে বলতে শোনা গেল, ‘তাড়াতাড়ি! তাড়াতাড়ি!’ ৭৫ মিনিটের সময় একবার রেগে গিয়ে বলে লাথি মারলেন সজোরে।
তবে সবচেয়ে মজার মুহূর্তটি এসেছে গ্রাৎসিয়ানো পেল্লে ইতালির জয়সূচক গোলটি করার পর। কন্তে যেন দৌড়ে পারলে ডাগ-আউটের ছাদেই উঠে যান! ওই দৌড় নিয়ে কৌতুকও শুরু হয়ে গেছে, স্পেনকে হারাতে ইতালি কোচও নাকি তাঁর শিষ্যদের সমান দৌড়েছেন। কন্তেও কম যান না; কৌতুকের জবাবে মজা করে বলেছেন, ‘আমাদের ফিটনেস কোচ আমাকে বলেছেন, শরীরের সঙ্গে জিপিএস সেট করে নিতে। যাতে আমি কতটুকু দৌড়েছি, কত জোরে দৌড়েছি সব জানা যায়।’
এই কৌতুকপ্রিয় কন্তেই চেলসি সমর্থকদের কাছে প্রিয় হয়ে উঠছেন। তাঁর আবেগ যে মাঠে খেলোয়াড়দের শরীরী ভাষায়ও অনূদিত হচ্ছে! লিগে দশম হয়ে গত মৌসুম শেষ করা চেলসি সমর্থকেরাও এটিই চাইছেন তাঁদের দলে। বিশেষ করে প্রতিপক্ষ ডাগ-আউটে যখন গার্দিওলা, মরিনহো, ক্লপ, ওয়েঙ্গারদের মতো কোচ।
এক চেলসি সমর্থক তো মরিনহোর সঙ্গে কন্তের সম্ভাব্য লড়াই নিয়েই এখনই রোমাঞ্চিত, ‘কন্তে বনাম মরিনহো—চোখের জন্য আরাম। টাচলাইন নাটক!’ কন্তেকে এখনই ডাগ-আউটে দেখতে যে তর সইছে না, সেটি বুঝিয়ে দেয় সিএফসিইনআমেরিকা নামের আরেকটি অ্যাকাউন্টের এই টুইট, ‘মৌসুমটা এখনই শুরু করে দিন, প্লিজ!’
ক্লাবে আসার আগেই তাহলে সমর্থকদের মন জিতে নিয়েছেন কন্তে! এএফপি।