চেলসিকে নিয়ে উড়ছেন কন্তে
ফুটবলের ব্যাপারটাই এমন। কত দ্রুত এখানে পরিস্থিতি পাল্টায়! মাস খানেক আগেই যে আন্তোনিও কন্তে স্টামফোর্ড ব্রিজে দুয়ো শুনেছেন, একই মাঠে তাঁকে নিয়ে পরশু কী উচ্ছ্বাস! অবশ্য দুটিরই যথাযথ কারণ আছে। সোয়ানসির সঙ্গে ড্র আর লিভারপুল-আর্সেনালের কাছে পরপর দুটি ম্যাচে হেরে চেলসি তখন ধুঁকছিল লিগে। দুয়োটা সেই সময়ে। সেই চেলসিই প্রিমিয়ার লিগে পরপর পাঁচটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
সর্বশেষ জয়টা পরশু নিজেদের মাঠে, এভারটনের বিপক্ষে ৫-০ গোলে। সমর্থকদের উচ্ছ্বাস অবশ্য জয়ের ব্যবধানের চেয়েও বেশি জয়ের ধরনের কারণে। এভারটনকে ম্যাচে দাঁড়াতেই দেয়নি চেলসি। দুয়ো শোনা কন্তে তাই এখন স্টামফোর্ড ব্রিজের ‘রাজা’। ম্যাচ চলার সময়ই সমর্থকেরা গান ধরেছেন তাঁর নামে। সব দেখে চেলসি কোচও দারুণ উচ্ছ্বসিত, ‘সত্যি বলতে আমার খুব ভালো লাগছে। প্রথমে আমি বুঝতে পারিনি ওরা কী বলছে। পরে আমার সহকারী আমাকে বলল—ওরা নাকি আমার নাম ধরে গান গাইছে। আমি সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’
এভারটনের বিপক্ষে জোড়া গোল করেছেন চেলসি মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। বাকি তিনটি গোল মার্কোস আলোনসো, ডিয়েগো কস্তা ও পেদ্রোর। তবে কন্তে মুগ্ধ তাঁর পুরো দলের পারফরম্যান্সেই, ‘আমরা প্রমাণ করেছি, সুন্দর ফুটবল খেলেও জেতা সম্ভব। আমার খেলোয়াড়েরা সবাই সেটা করে দেখিয়েছে।’
চেলসির এই বদলে যাওয়াটা কন্তের কৌশলের কারণেই। ছক বদলে ৩-৪-৩-এ খেলা শুরু করার পরই অন্য দল হয়ে উঠেছে চেলসি। টানা পাঁচ ম্যাচই শুধু জেতেনি, এই পাঁচ ম্যাচে কোনো গোলও খায়নি। নতুন এই ছকে চেলসিকে দেখে মুগ্ধ প্রতিপক্ষ এভারটনের কোচ রোনাল্ড কোম্যানও, ‘আমি এই ছকে আর কোনো দলকে এত ভালো খেলতে দেখিনি। ওরা খুব উঁচু মানের ফুটবল দেখিয়েছে। দুটি দলের মধ্যে এত ব্যবধান হবে, এটা আমি আশা করিনি।’ এএফপি।