চেলসিকেই চ্যাম্পিয়ন বলছেন গার্দিওলা
আগের দিন তাঁর দল চেলসি ১-১ ড্র করেছে লিভারপুলের সঙ্গে। পরের দিন আন্তোনিও কন্তে লন্ডনে গেলেন ওয়েস্ট হাম-ম্যানচেস্টার সিটি ম্যাচটা দেখতে। চেলসি কোচের সামনে দুর্দান্ত খেলে ওয়েস্ট হামকে ৪-০ গোলে হারাল সিটি। ম্যাচের পর সিটি কোচ পেপ গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল, এই ফর্মে থাকলে কি সিটি শিরোপা লড়াইয়ে চেলসিকে চ্যালেঞ্জ জানাতে পারবে?
গার্দিওলা সিটি সমর্থকদের খুব একটা আশার কথা শোনাতে পারেননি। শিরোপার লড়াই এখনই প্রায় শেষ হয়ে গেছে বলে মনে করেন গার্দিওলা। তাঁর মতে, চেলসি যদি নিজেরা ভুল না করে, অন্যদের শিরোপা জেতার আশা না করাই ভালো।
ওয়েস্ট হামের বিপক্ষে জেতার পরও তো প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে সিটি। ২৩ ম্যাচে সিটির সমান ৪৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। পরশু হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে হোসে মরিনহোর ইউনাইটেড। টটেনহাম ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৭ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আর্সেনাল তৃতীয়। আর ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি।
এ মৌসুমে কারা প্রিমিয়ার লিগ জিততে চলেছে, এ নিয়ে তাই খুব একটা সন্দেহ নেই গার্দিওলার, ‘আমার মনে হয় না আন্তোনিও কন্তের চিন্তার কিছু আছে। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তার দল। এখন শুধু চেলসিই পারে নিজেদের শিরোপা লড়াই থেকে ছিটকে দিতে। অন্যদের কিছু করার নেই। ফুটবলে শেষ বলে কিছু নেই। কিন্তু আমার মনে হয় না আমরা ওদের ধরতে পারব।’
তাহলে তাঁর দল সিটির লক্ষ্যটা কী এই মৌসুমে? সেটাও বলে দিলেন গার্দিওলা, ‘আমাদের সঙ্গে তো চেলসির বিশাল ব্যবধান। আমরা মৌসুমের শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে লড়ে যাব।’
গার্দিওলা তবু বাস্তবতা মেনে নিচ্ছেন। তবে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কোচ হোসে মরিনহো হাল সিটির সঙ্গে ড্র করে ছিলেন ভীষণ খ্যাপা। রেফারি হাল সিটিকে বাড়তি সুবিধা দিয়েছেন বলে ম্যাচ-পরবর্তী টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেছেন মরিনহো। কী ধরনের সুবিধা, সেটা ব্যাখ্যা করতে বলার পর মরিনহো সেই টেলিভিশন সাংবাদিককে বলেছেন, ‘ফুটবল না বুঝলে আপনার মাইক্রোফোন হাতে নেওয়াই উচিত হয়নি।’ গোলডটকম।
পয়েন্ট তালিকা (শীর্ষ পাঁচ)
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
চেলসি ২৩ ১৮ ২ ৩ ৪৮/১৬ ৫৬
টটেনহাম ২৩ ১৩ ৮ ২ ৪৫/১৬ ৪৭
আর্সেনাল ২৩ ১৪ ৫ ৪ ৫১/২৫ ৪৭
লিভারপুল ২৩ ১৩ ৭ ৩ ৫২/২৮ ৪৬
ম্যানচেস্টার সিটি ২৩ ১৪ ৪ ৫ ৪৭/২৮ ৪৬