চেলসিতে কাজ করা কোচ মোহামেডানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডান লিমিটেডের নতুন কোচ ক্রিস্টোফার ইভান্স। ছবিঃ প্রথম আলো
মোহামেডান লিমিটেডের নতুন কোচ ক্রিস্টোফার ইভান্স। ছবিঃ প্রথম আলো
মোহামেডান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ব্রিটিশ ক্রিস্টোফার ইভান্সের হাতে


দুই দিন ধরে ক্লাবপাড়ায় গুঞ্জন, মোহামেডানের দায়িত্ব নিতে ঢাকা এসেছেন স্কটল্যান্ডের হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলা জন কলিন্স। কিন্তু আজ দুপুরেই সে গুঞ্জনে মাটিচাপা পড়ে গেল। ঘটা করে মোহামেডানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ক্রিস্টোফার ইভান্সের হাতে। কালই ঢাকায় এসে পৌঁছেছেন ৪৪ বছর বয়সী এই ব্রিটিশ কোচ। 

পুরো মৌসুমের জন্য সাদা-কালোদের দায়িত্ব নেওয়া ইভান্সের খেলোয়াড়ি বা কোচিং ক্যারিয়ার আহামরি কিছু নেই। খেলেছেন নরউইচের আঞ্চলিক পর্যায়ে। আর কোচ হিসেবে মূলত কাজ করেছেন ইংলিশ লিগের ক্লাব নরউইচ ও চেলসির যুব প্রকল্পে। রেঞ্জার্স পার্কে চেলসির একটি যুব উন্নয়নকেন্দ্র আছে, সেখানে স্কাউটের দায়িত্ব পালন করেছেন মোহামেডানের মাধ্যমে প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পাওয়া এই কোচ। তবে গতবারের তুলনায় মোহামেডানকে ভালো ফল এনে দেবেন বলে প্রতিশ্রুতিও দিলেন, ‘লিগে গতবারের পঞ্চম স্থান থেকে ওপরে ওঠা আমাদের জন্য সহজ হবে না। তবে আমি চেষ্টা করব, আরেকটু ভালো করতে।’
সব কোচই চান সাফল্য। কিন্তু তিনি কী মানের ফুটবলার হাতে পাবেন, তার ওপর নির্ভর করে সাফল্য। নতুন মৌসুমে সাদা-কালো জার্সিতে দেখা যাবে পুরোনো জাহিদ হাসান এমেলি, মিঠুন চৌধুরী, এনামুল শরিফ, তকলিচ আহমেদদের। নতুন যোগ দিতে যাচ্ছেন আতিকুর রহমান মিশু ও লিঙ্কন। তাঁদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। কিন্তু পুরোনোরা এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। এমন অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে কিছু তরুণ যোগ দেবেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আগামীকাল থেকেই শুরু হবে অনুশীলন।