চেলসিতে চেক!
সাত মাস হয়ে গেছে ঠিকানা বদল করেছেন পিওতর চেক। দীর্ঘ ১১ বছর চেলসিতে কাটানোর পর এই মৌসুমেই যোগ দিয়েছেন নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালে। গত সাত মাসে গানারদের গোলপোস্টের সামনে দুর্দান্ত এক চেককেই দেখেছে ফুটবল-বিশ্ব। কিন্তু অনেকের কাছে চেক যেন এখনো চেলসিরই খেলোয়াড়। বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা অ্যাডিডাসও আছে এই দলে। আগামী রোববার চেকের পুরোনো ক্লাবের বিপক্ষে খেলবে আর্সেনাল। ওই ম্যাচ উপলক্ষেই চেককে নতুন এক জোড়া গ্লাভস পাঠিয়েছিল অ্যাডিডাস। কিন্তু পাঠাল চেকের পুরোনো ঠিকানায়, চেলসির কবহ্যাম ট্রেনিং সেন্টারে। চেলসি অবশ্য দেরি করেনি, সঙ্গে সঙ্গেই গ্লাভস জোড়া পাঠিয়ে দিয়েছে আর্সেনালের কোলনি ট্রেনিং সেন্টারে। ‘গ্লাভসের কোনো ক্ষতি করেনি তো চেলসি?’ কাল গানার বস আর্সেন ওয়েঙ্গারকে প্রশ্নটা করেছিলেন কেউ একজন। ওয়েঙ্গার অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন প্রশ্নটা। বলেছেন এ রকম ভুল হতেই পারে। এএফপি।