চেলসিতে পাতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিই যে ঠিকানা হচ্ছে, সেটা কয়েক দিন আগেই বোঝা যাচ্ছিল। পরশু এল আনুষ্ঠানিক ঘোষণা, করিন্থিয়ানস থেকে ছয় মাসের জন্য স্টামফোর্ড ব্রিজে ধারে খেলতে এসেছেন আলেজান্দ্রে পাতো। কিন্তু প্রায় হারিয়ে যেতে বসা এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে এনে চেলসি কি একটু বেশি জুয়া খেলে ফেলল না? সর্বশেষ তিন বছর যিনি ইউরোপিয়ান কোনো লিগেই খেলেননি, প্রিমিয়ার লিগে কি তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন?
পাতো চাইলে অন্য বিকল্প খুঁজে নিতে পারতেন। চীনের দ্বিতীয় বিভাগের ক্লাব তিয়ানজিন কুয়ানজিয়ানের লোভনীয় একটা প্রস্তাব ছিল সামনে—বছরে ১ কোটি ৩০ লাখ ইউরো বেতন। কিন্তু চীনমুখী ব্রাজিলিয়ানদের অনিঃশেষ মিছিলে পাতো যোগ দেননি। বরং চেলসির হয়েই আবার ফিরছেন ইউরোপিয়ান ফুটবলে। বোঝাই যাচ্ছে, নিজেকে আবার সর্বোচ্চ মঞ্চে প্রমাণ করতে চান।
চেলসির কোচ গাস হিডিঙ্কও ঠিক এই কথাটাই মনে করিয়ে দিয়েছেন, ‘এখনো ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কথা বলিনি, তবে ওর মধ্যে আমি উচ্চাকাঙ্ক্ষা দেখতে চাই। আমার মনে হয়, সে এ জন্যই ইংল্যান্ডে এসেছে।’
সাও পাওলোর হয়ে গত দুই মৌসুমে ৫৯ ম্যাচে ১৯ গোল পাতোর। কিন্তু ব্রাজিলিয়ান লিগের নিস্তরঙ্গ পুকুর আর ইংলিশ লিগের উত্তাল ঢেউয়ে বইঠা বাওয়ার মধ্যে তো বিশাল ব্যবধান। হিডিঙ্ক সেটা মেনেও দাবি করছেন, ‘চেলসির জন্য এটা (পাতোকে নেওয়া) আসলে তেমন কোনো ঝুঁকি নয়। পাকাপাকিভাবে কিনলে সেটা আলাদা কথা ছিল। কিন্তু ধার হলে সেটা সব পক্ষের জন্যই ভালো।’ ইএসপিএন।