চেলসিতে মেসি, শুধুই গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিতটা লিওনেল মেসি দিয়েছিলেন গত নভেম্বরে। ‘ফুটবলে অনেক কিছুই হতে পারে’—কথাটার পর গুঞ্জন উঠেছিল, তাহলে কি মেসি বার্সেলোনা ছাড়ছেন? কিছুদিন আগে সাবেক বার্সা-সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাস বললেন, মেসিকে তিনি চেলসিতে দেখতে চান। ব্যস, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে চেলসিকেই মেসির সম্ভাব্য ঠিকানা ধরে নিলেন কেউ কেউ।
তবে উঠতে না-উঠতেই গুঞ্জনটা আবার মিলিয়ে গেছে। পরশু ব্রিটিশ চ্যানেল বিটিকে চেলসি কোচ হোসে মরিনহো পরিষ্কারই বলে দিয়েছেন, ‘কোনো সম্ভাবনা নেই (মেসিকে দলে আনার)।’ কারণ হিসেবে বললেন উয়েফার আর্থিক নীতির (ফিন্যানশিয়াল ফেয়ার প্লে বা এফএফপি) কথা, ‘এখন উয়েফার নতুন একটা আর্থিক নীতি আছে। আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। অবিশ্বাস্য একজন খেলোয়াড়কে আকাশচুম্বী দাম দিয়ে কেনার মতো অবস্থায় আমরা নেই।’
এফএফপি অনুসারে একটা ক্লাবের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। চেলসি অবশ্য ভারসাম্যটা ভালোই রাখছে, এই বছরের জুন পর্যন্ত রেকর্ড প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড লাভ করেছে ক্লাবটি। তবে মেসিকে কিনতে যে অবিশ্বাস্য অঙ্কের টাকা লাগবে, তাতে জাবেদার খাতা ওলটপালট হয়ে যেতে বাধ্য। বার্সেলোনার সঙ্গে চুক্তি অনুযায়ী মেসিকে পেতে অন্তত ২০ কোটি পাউন্ড দিতে হবে চেলসিকে। গোলডটকম।