চেলসির কন্তে
ডাগ-আউট থেকে সারাক্ষণ চেঁচাচ্ছেন, দলের জয়ে আবেগে বেসামাল হয়ে লাফাচ্ছেন। হতাশায় আবার লাথি মারছেন শূন্যে। ইউরোতে ইতালির ডাগআউটে এই আন্তোনিও কন্তেকেই দেখা গেছে। কন্তে এখন চেলসির কোচ, পরশু প্রথম সংবাদ সম্মেলনে এসে তুলে ধরলেন নিজের কোচিং দর্শন...
l ইতালিতে আপনার ওপর চাপ ছিল শিরোপা ধরে রাখার। কিন্তু প্রিমিয়ার লিগের ব্যাপারটা আলাদা, চেলসি তো গত মৌসুম দশে থেকে শেষ করেছে। আপনার ওপর চাপ এখন কতটা বেশি?
আন্তোনিও কন্তে: জন্ম থেকেই আমি চাপে আছি। আপনি যখন চেলসির মতো একটা বড় ক্লাবের খেলোয়াড় বা ম্যানেজার হবেন, তখন আপনি খেলবেন জেতার জন্যই। আমি জানি, লিগটা খুব কঠিন, কারণ এখানে জেতার মতো পাঁচ থেকে ছয়টি দল আছে। সে কারণেই আমি আরও বেশি রোমাঞ্চিত। আর চেলসির গত মৌসুম খারাপ গেছে বলে আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। অনেক, অনেক, অনেক বেশি খাটতে হবে। আমাদের অবশ্যই মৌসুমের শেষ পর্যন্ত লড়াই করতে হবে, চ্যাম্পিয়নস লিগে থাকতে হবে। চ্যাম্পিয়নস লিগটাই চেলসির জায়গা, আমাদের অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে।
l খেলোয়াড়েরা তো এরই মধ্যে আপনার ট্যাকটিক্যাল জ্ঞানের প্রশংসা করতে শুরু করেছেন। ব্যাপারটা কীভাবে দেখছেন?
কন্তে: আমার মনে হয়, প্রত্যেক কোচেরই নিজস্ব একটা ধরন আছে, আলাদা দর্শন আছে। আমি খেলোয়াড়দের মধ্যে সেটাই ছড়িয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি শারীরিক, টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল দিক দিয়ে ভিন্ন ভিন্ন দর্শনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি। আবার এটাও ঠিক, আপনার দর্শনটা বাস্তবায়নযোগ্য খেলোয়াড়ও আপনার থাকতে হবে। এ মুহূর্তে এদিক দিয়ে আমি খুশি। আমি জানি আমার খেলোয়াড়েরা লড়াই করতে, ভালো ফুটবল খেলতে, আবেগটা সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আপনি জিতুন বা হারুন, এই কাজ করতে পারলে সেটা হবে সমর্থকদের জন্য বড় একটা জয়।
l রক্ষণে কি তিনজনকেই খেলাবেন?
কন্তে: ইতালিতে থাকতে আমি একটা কথা বলতাম, একজন কোচের কাজ হচ্ছে দর্জির মতো। খেলোয়াড়দের জন্য সেরা পোশাক বেছে নেওয়াটাই তার কাজ। আপনাকে খেলোয়াড়দের প্রতিভার কদর করতে জানতে হবে, তাদের চরিত্র বুঝতে হবে। রক্ষণে তিনজন খেলবে না চারজন খেলবে, সেটা গুরুত্বপূর্ণ নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দলের মনোবল ধরে রাখা।
l কোচ হিসেবে এটাই কি আপনার কঠিনতম পরীক্ষা?
কন্তে: আমি জানি না। জুভেন্টাসে যখন এসেছিলাম, আগের দুই মৌসুমে তারা সাতে থেকে লিগ শেষ করেছিল। প্রথম মৌসুমেই আমরা শিরোপা জিতলাম, এরপর দ্বিতীয়, তৃতীয় মৌসুমেও। এভাবেই আমরা একটা অসাধারণ দল গড়তে পেরেছি। জাতীয় দলের অভিজ্ঞতাও ছিল অনেক অনেক কঠিন। পুরো দেশেরই চোখ থাকত আপনার ওপর। এই চ্যালেঞ্জও অনেক বড়। আমার মনে হয়, চেলসিতে আসার এটাই আদর্শ সময়। আমার কাজ খুব, খুব কঠিন। কিন্তু আমি চ্যালেঞ্জ ভালোবাসি, আমি নিজেকে প্রমাণ করতে চাই।
l হোসে মরিনহো স্পেশাল ওয়ান হলে আপনি কী?
কন্তে: আমি আসলে এসব নাম-টাম খোঁজায় অতটা ভালো নই। আশা করি, মৌসুম শুরু হলে আপনারাই আমাকে একটা নাম দিয়ে দেবেন। খারাপ নয়, ভালো কিছু বলেই আশা করছি।
l ইউরোতে দেখা গেছে আপনি একটু বেশিই আবেগময়। প্রিমিয়ার লিগেও কি সে রকম কিছু দেখা যাবে?
কন্তে: হ্যাঁ, আমি এ রকমই। ব্যাপারটা ভালো বা খারাপ কি না আমি জানি না, ফুটবলের জন্য আমার আবেগ সব সময়ই একটু বেশি। সেটি আমি খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি চাই, ম্যাচের সময় আমি যা করি, সেটা খেলোয়াড়েরা, দর্শকেরাও দেখুক। সপ্তাহের পর সপ্তাহ আমরা জয়ের জন্য পরিশ্রম করি। সেটা না হলে স্বাভাবিকভাবেই আমার ভালো লাগার কথা নয়।
l ক্লপ, গার্দিওলা, মরিনহো, আপনি...এটা কি ‘সুপার কোচদের’ যুগ?
কন্তে: ওঁদের সঙ্গে তুলনা করায় আমার ভালোই লাগছে, কিন্তু এটা কোচদের কোনো দ্বৈরথ নয়। বরং লড়াইটা দারুণ সব দল ও খেলোয়াড়দের মধ্যে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো কোচ তো থাকবেই, কিন্তু চেলসি, ইউনাইটেড, সিটি, লিভারপুল, আর্সেনাল বা টটেনহাম আরও বেশি গুরুত্বপূর্ণ।
l রানিয়েরির (লেস্টার সিটি) সঙ্গে কি আপনার কথা হয়েছে?
কন্তে: খুব একটা সময় হয়নি। এক সপ্তাহ আগেও আমার ধ্যানজ্ঞান শুধু ছিল ইতালি। আমি অবশ্যই রানিয়েরিকে ফোন করে কিছু পরামর্শ চাইব। এই দেশের রীতিনীতি তো কিছু আমাকে শিখতে হবে।
l ইতালির কোনো কোচ কি আবার প্রিমিয়ার লিগ জিতবে?
কন্তে: চেলসিতে আমি খুবই আপ্লুত বোধ করছি। অবিশ্বাস্য লাগছে। জানি, লিগে লড়াইটা অনেক বেশি তীব্র হবে। আশা করছি, মৌসুম শেষে যোগ্য দলটাই শিরোপা জিতবে। হ্যাঁ, আমরা হয়তো ঠিক আলোচনায় নেই, মানুষজন সেভাবে গোনায়ও ধরছে না। তবে আশা করি, আমরা একটা ছোট স্ফুলিঙ্গ থেকে বিশাল একটা দাবানল ছড়াতে পারব। সূত্র: ডেইলি মিরর।