চেলসির কোচ হচ্ছেন কন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির দায়িত্ব শেষে আবারও ক্লাব ফুটবলে ফিরছেন কন্তে। ছবি - এএফপি।
ইতালির দায়িত্ব শেষে আবারও ক্লাব ফুটবলে ফিরছেন কন্তে। ছবি - এএফপি।

ব্যাপারটা অনেকটা ‘ওপেন সিক্রেটে’র মতো ছিল। আন্তোনিও কন্তে আগামী মৌসুমে চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন। অবশেষে ‘প্রায় নিশ্চিত’ এই ব্যাপারটিকে নিশ্চিত করে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তিন বছরের জন্য বর্তমান ইতালি কোচের সঙ্গে চুক্তি করেছে চেলসি।


চুক্তি হয়ে গেছে, তবে এখনই চেলসিতে আসছেন না কন্তে। ইতালি জাতীয় দলের সঙ্গে তাঁর চুক্তি জুনে শুরু হতে যাওয়া ইউরো পর্যন্ত। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ‘আজ্জুরি’দের দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার লক্ষ্য নিয়ে ফ্রান্সে যাবেন ৪৬ বছর বয়সী এই ইতালিয়ান। ইউরো শেষেই শুরু হবে তাঁর চেলসি-মিশন।

আজ সোমবার নিজেদের ওয়েবসাইটে চেলসি লিখেছে, ‘আন্তোনিও কন্তেকে মূল দলের হেড কোচ নিয়োগ করে চেলসি ফুটবল ক্লাব অত্যন্ত আনন্দিত।’ উচ্ছ্বসিত কন্তেও। চেলসির ওয়েবসাইটে ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘চেলসির হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি ভেবে আমি উচ্ছ্বসিত। ক্লাবের সবার সঙ্গে কাজ করতে আমি উন্মুখ, প্রিমিয়ার লিগের প্রতিদিনের চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত।’

চেলসির সমর্থকেরাও রোমাঞ্চিত হতে পারেন কন্তের ‘সিভি’ দেখে। ইতালির দায়িত্ব নেওয়ার আগে তিন মৌসুম জুভেন্টাসের কোচ ছিলেন ৪৬ বছর বয়সী কোচ। তিন মৌসুমে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জুভরা।

তবে ইতালিয়ান কোচ চেলসিতে এই প্রথম নন। এর আগে আরও চারজন ইতালিয়ানকে লন্ডনের ক্লাবটির ডাগআউটে দেখা গেছে—জিয়ানলুকা ভিয়ালি, ক্লদিও রানিয়েরি, কার্লো আনচেলত্তি ও রবার্তো ডি মাতেও। মজার ব্যাপার, প্রথম তিনজনই চেলসিতে আসার আগে ক্যারিয়ারের কোনো একটা সময় জুভেন্টাসে ডাগআউটে ছিলেন। তথ্যসূত্র: চেলসি ওয়েবসাইট।