
ব্যাপারটি অলিখিত একটি নিয়মেই দাঁড়িয়ে গেছে। চেলসি-আর্সেনাল ম্যাচে খেলা নিয়ে যতটা না কথা হবে, তার চেয়ে বেশি হবে অন্য কিছু নিয়ে। কালকের ম্যাচেই দেখুন, চেলসির মহা স্বস্তির ২-০ গোলে জয়ের পরও খেলা নিয়ে খুব একটা আলোচনা হলো না। ম্যাচের ফল ছাপিয়ে বড় হয়ে ওঠল আর্সেনালের দুই খেলোয়াড়ের লাল কার্ড দেখা, যার প্রথমটি যথেষ্ট বিতর্কিতও।
৫৩ মিনিটে কার্ট জুমা চেলসির হয়ে প্রথম গোলটা করার আগেই আর্সেনাল ১০ জনের হয়ে পড়েছে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাটা ঘটেছে প্রথমার্ধ শেষের ঠিক আগে। বল দখলের লড়াইয়ে আর্সেনালের লরেন্ত কসিয়েলনিকে কনুই দিয়ে মেরেছিলেন চেলসির ডিয়েগো কস্তা। এরপরেই আর্সেনালের গ্যাব্রিয়েল পলিস্তার সঙ্গে ঠোকাঠুকি হয়ে যায় কস্তার, দুজনকেই দেখতে হয় হলুদ কার্ড। ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু কস্তা কিছু একটা বলে ‘উসকে’ দেন গ্যাব্রিয়েলকে, আর্সেনাল ডিফেন্ডারও বুট দিয়ে পায়ে আঘাত করে বসেন চেলসি স্ট্রাইকারকে। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখতে হয় গ্যাব্রিয়েলকে। ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন সান্তি কাজোরলা। নয়জনের আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন এডেন হ্যাজার্ড।
ওয়েঙ্গার-মরিনহোর চাপান-উতোর চলে আসছে অনেক আগে থেকেই। ম্যাচ শুরুর আগে দুই কোচ হাত মেলালেও ম্যাচ শেষে সেটি আর হলো না। পরে সংবাদ সম্মেলনে ওয়েঙ্গার উগরে দিয়েছেন ক্ষোভ, ‘কস্তার দুবার লাল কার্ড দেখা উচিত ছিল। রেফারির দুর্বলতার কারণে সে প্রতি ম্যাচেই অভব্য আচরণ করে পার পেয়ে যাচ্ছে। আমি জানি, পরের সপ্তাহেও সে এ রকম কিছু করে পার পেয়ে যাবে। এখন আর এসবে অবাক হই না।’
মরিনহো অবশ্য এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইবেন না। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ধুঁকছিল চেলসি। গতকাল দ্বিতীয় জয়ে ওয়েঙ্গারের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রাখা গেল বলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মরিনহো, ‘দারুণ একটা জয় ছিল, আমাদের এটা প্রাপ্য ছিল।’ কস্তার পাশেও অনুমিতভাবেই দাঁড়ালেন, ‘আমার কাছে কস্তাই ছিল ম্যাচসেরা। সে যা করার দরকার তা-ই করেছে। খেলাটা তো আর ব্যাডমিন্টন নয়। এমন কিছু দেখার জন্যই দর্শক মাঠে আসে।’ ওয়েঙ্গারকে খোঁচাও দিলেন আরেকবার, ‘আমি তার সঙ্গে অনেকবারই মুখোমুখি খয়েছি। যে একবার সে জিতেছিল (কমিউনিটি শিল্ডে), সেবারই সে ঘ্যান ঘ্যান করেনি।’ এএফপি।
এক নজরে
| চেলসি | ২ : ০ | আর্সেনাল |
| ম্যান সিটি | ১ : ২ | ওয়েস্ট হাম |
| সোয়ানসি সিটি | ০ : ০ | এভারটন |
| রিয়াল মাদ্রিদ | ১ : ০ | গ্রানাডা |
| ডার্মস্টাড | ০ : ৩ | বায়ার্ন |
| ভলফ্সবুর্গ | ২ : ০ | হার্থা বার্লিন |
* স্বাগতিক দল প্রথমে