চেলসির ফুটবলার গুদামজাতকরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারে খেলোয়াড় আনা-নেওয়া একটা স্বাভাবিক দলবদল-প্রক্রিয়া। কিন্তু গাঁটের টাকা খরচ করে কিনে আনা খেলোয়াড়দের যখন গণহারে ধারে পাঠানো হয় অন্য ক্লাবে, সেটা উদ্বেগজনক। কিনে আনা খেলোয়াড় ধারে পাঠানোয় প্রশ্নের মুখে পড়েছে ইংলিশ ক্লাব চেলসি। এই মৌসুমে ৩৩ জন খেলোয়াড়কে ধারে পাঠিয়েছে ক্লাবটি, যাঁদের বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড! আর এটি নিয়েই প্রশ্ন তুলেছেন প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) চেয়ারম্যান গর্ডন টেলর, ‘চেলসির এত এত খেলোয়াড় ধারে বাইরে চলে যাওয়াটা চিন্তার বিষয়। এটা অনেকটা খেলোয়াড়দের গুদামজাতকরণ।’
এ মৌসুমে যে ৩৩ খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন ক্লাবে ধারে পাঠিয়েছে চেলসি, তাঁদের ১২ জন নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলেন। নিজেরা বেতন দেয় এমন খেলোয়াড়দের ধারে পাঠানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন টেলর। কারণ ধারে আসা খেলোয়াড়দের কারণে নিজেদের খেলোয়াড়দের নিয়মিত খেলার সুযোগটা এতে কমে যায়।
ধারে গিয়ে খেলোয়াড়েরা নিয়মিত খেলার সুযোগ অবশ্য পান। তবে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের ধারে পাঠানোর এমন পদ্ধতি অসুস্থ প্রতিযোগিতারও জন্ম দেবে বলে আশঙ্কা করছেন টেলর, ‘সেরা দলটিরই কোনো নির্দিষ্ট প্রতিযোগিতা জেতার বিষয় এটি আর এখন নয়, বরং বড় ক্লাবের সঙ্গে কার সম্পর্ক ভালো সেটিই হয়ে দাঁড়াচ্ছে মূল।’ গোলডটকম।