চেলসির মধুর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ধেক মাঠ থেকে শুরু হওয়া দুর্দান্ত ড্রিবলিংয়ের পরিপূর্ণ সমাপ্তি—পিওতর চেককে কোনো সুযোগ না দিয়ে জালে জড়িয়ে যাচ্ছে এডেন হ্যাজার্ডের শট l রয়টার্স
অর্ধেক মাঠ থেকে শুরু হওয়া দুর্দান্ত ড্রিবলিংয়ের পরিপূর্ণ সমাপ্তি—পিওতর চেককে কোনো সুযোগ না দিয়ে জালে জড়িয়ে যাচ্ছে এডেন হ্যাজার্ডের শট l রয়টার্স

ম্যাচের আগে গ্রায়েম সাউনেসকে জিজ্ঞেস করা হয়েছিল, আরও ভালো করতে আর্সেনালের কী করা উচিত? কিংবদন্তি লিভারপুল মিডফিল্ডার ও বর্তমানে টিভি-পণ্ডিত সাউনেসের উত্তর ছিল, ‘ভালো  খেলোয়াড় আনো, কিছু সত্যিকারের পুরুষ আনো!’ ম্যাচের পরে হয়তো এটুকুও যোগ করতেন, ‘আর্সেনালের উচিত পারলে এডেন হ্যাজার্ডকেও নিয়ে আসা।’

হ্যাজার্ড আর চেলসির বাকি দশ খেলোয়াড়ের ‘পৌরুষের’ কাছেই যে কাল হেরে গেল আর্সেনাল। পুরো ম্যাচে দাপটে, শক্তিতে, বুদ্ধিতে আর্সেনালকে নিয়ে ‘ছেলেখেলা’ করল আন্তোনিও কন্তের দল। সেপ্টেম্বরে আর্সেনালের মাঠেই ৩-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিল, ঘরের মাঠে চেলসি জিতেছে ৩-১ গোলে। এই জয়ে প্রিমিয়ার লিগে অন্য দলগুলোর শিরোপা-স্বপ্নের এপিটাফও যেন লিখে দিয়েছে ব্লুরা। লিগে এখনো দলগুলোর ১৪-১৫টি করে ম্যাচ বাকি আছে। তবে যেভাবে এগোচ্ছে চেলসি, তাতে তারা শিরোপা না জিতলে সেটি ইংলিশ লিগের ইতিহাসেই অন্যতম বড় অঘটন হবে।

আর চেলসির এই দুর্দান্ত স্বপ্নযাত্রার ‘নাবিক’ কে? হ্যাজার্ড! ম্যাচসেরা তো হয়েছেনই, কাল যতবার বলে পা ছুঁইয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার, মাঠে থাকা চেলসি সমর্থকেরা চাপা উচ্ছ্বাসে উঠে দাঁড়িয়েছেন আসন ছেড়ে—‘এই বুঝি কিছু হলো!’

‘কিছু’ হলো ৫৩ মিনিটে। আর যা হলো, তা অনেক দিন চোখে লেগে থাকবে। মাঝবৃত্তে বল পেয়ে ‘ট্রেডমার্ক’ দৌড় শুরু করেন হ্যাজার্ড। প্রথমে শরীরের দোলায় এক আর্সেনাল ডিফেন্ডারকে কাটালেন। এরপর প্রায় ১০-১২ গজ জার্সি টেনে, ধাক্কাধাক্কি করে আটকাতে চাওয়া ফ্রান্সিস ককেলানকেও ছিটকে ফেললেন। বাকি কাজটা তো সহজ! বক্সে ঢুকলেন, ইনসাইড-আউটসাইড করে একই ডিফেন্ডারকে দুবার কাটালেন, আড়াআড়ি শট নিলেন গোলকিপারের মাথার ওপর। গোল!

হ্যাজার্ডের গোলেই জয় প্রায় নিশ্চিত হয়। প্রথমার্ধের ১৩ মিনিটেই যে হেডে গোল করে ব্লুদের এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার মার্কোস আলোনসো। আর ৮৫ মিনিটে চেলসির তৃতীয় গোলটির সময় যেন প্রকৃতিও ‘খেলল’ আর্সেনালকে নিয়ে। দুই মৌসুম আগে চেলসি ছেড়ে আর্সেনালে যাওয়া গোলকিপার পিওতর চেকের ভুল পাস যায় চেলসির এক খেলোয়াড়ের কাছে। সেটি কে? দুই মৌসুম আগে চেলসিতে আসা সাবেক আর্সেনাল মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাস! তাঁর চিপ জড়িয়ে গেল ফাঁকা পোস্টে।

শেষ মুহূর্তে অলিভিয়ের জিরু সান্ত্বনার গোলটি করেন আর্সেনালের হয়ে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়েই গেছে—ঠান্ডা মাথায় চেলসির প্রতিশোধ। আর লিগ শিরোপার পথে আরেক পা এগিয়ে যাওয়া। কাল যে হাল সিটির কাছে ২–০ গোলে হেরে গেছে অন্যতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলও। সূত্র: স্টার স্পোর্টস।