চেলসির ল্যাম্পার্ড যখন সিটির

পেশাদারির দুনিয়া বড্ড রুক্ষ। এখানকার কর্কশ জমিনে আবেগের কোনো ঠাঁই নেই। নিজের কাজটা ক্লান্তিহীন করে যাওয়াটাই সবচেয়ে বড় কথা। তার পরও তো কাজটা শেষ পর্যন্ত মানুষেরই। সে কারণেই চাইলেও ভোলা যায় না অতীত দিনের স্মৃতি। ১৩টি বছর যেখানে কাটিয়েছেন, চাইলেই কি আর সেই পিছুটান মুছে ফেলা যায়? চেলসি আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তো বলতে গেলে সমার্থকই। ইংলিশ মিডফিল্ডার কি কখনো ভেবেছিলেন নিজের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে যাওয়া ক্লাবের বিপক্ষে গোল করবেন?
পরশু নিজেই স্বীকার করেছেন, ‘আমি আশা করিনি এভাবে নেমে গোল করব। কী বলব বুঝতে পারছি না। আমি মাঠে নামার সময় চেলসি সমর্থকেরা গান গাইছিল, এটি ছিল খুব আবেগের।’ ৭৮ মিনিটে ল্যাম্পার্ড যখন নামলেন, সিটি ১০ জন নিয়ে ১ গোলে পিছিয়ে। আন্দ্রে শুরলের গোলে চেলসি দেখছে জয়। এমন সময় ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি নামিয়ে দিলেন ল্যাম্পার্ডকে। মিলনারের ক্রস থেকে গোল পাওয়ার পর কোনো উদ্যাপন করলেন না। চেলসির কিংবদন্তি তো আগে থেকেই ছিলেন, পরশু সিটি-সমর্থকদের হৃদয়ও জয় করে নিলেন।
ল্যাম্পার্ডের গোলটা তো শুধু একটা গোলই নয়, চেলসি সমর্থকদের জন্য হৃদয় ভেঙে দেওয়া মুহূর্তও। হোসে মরিনহোর কেমন লেগেছে? চেলসি কোচ মুখে কিন্তু একদমই নিরাবেগ, ‘ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এখন ম্যানচেস্টার সিটি খেলোয়াড়। যখনই সে প্রতিদ্বন্দ্বী দলে চলে গেছে, তখনই ওর সঙ্গে ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি আবেগ-ভালোবাসায় বিশ্বাস করি না। হয়তো ফুটবল নিয়ে আমি একটু বেশি বাস্তববাদী। পেশাদার হিসেবে যা করার দরকার ছিল, সে সেটাই করেছে।’ মরিনহো জানেন, ‘অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই’, তাই বললেন, ‘ফ্রাঙ্ককে নিয়ে কথা বলতে হলে অতীতে ওর সঙ্গে আমার সম্পর্ক, আমার ক্যারিয়ারে ও কতটুকু—অনেক কিছু নিয়েই কথা বলতে হয়। এ নিয়ে কথা বলতে আমার কখনো ক্লান্তি ছিল না, তবে যখন থেকে সে সিটির খেলোয়াড়...আমি অন্য দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলি না।’
ল্যাম্পার্ডের ছায়ায় ঢাকা পড়ে গেছে, নইলে গত পরশু ১-১ গোলে ড্র হওয়া সিটি-চেলসি ম্যাচের পর পেলেগ্রিনি-মরিনহোর কথার পাল্টাপাল্টিটাই সবচেয়ে আলোচিত বিষয় হতে পারত। বছর চারেক আগে পেলিগ্রিনির উত্তরসূরি হয়ে রিয়ালে যোগ দেওয়ার পর মরিনহো কারণে-অকারণে চিলিয়ান কোচকে খোঁচা দিয়েছেন। এদিন অবশ্য ভূমিকা বদলে গেল, চেলসিকে ‘ছোট দল’ বলে ব্যঙ্গ করলেন পেলেগ্রিনি, ‘আমার মনে হয় আমরা ৯০ মিনিট ছোট একটা দলের সঙ্গে খেলেছি। ওরা গোলের সামনে ১০ জন দাঁড় করিয়ে রেখেছিল। আমরা শুরু থেকেই জিততে চাইছিলাম। আমার তো মনে হচ্ছিল এখানে স্টোকের সঙ্গে যে খেলেছিলাম, সেই একই দলের বিপক্ষে খেলছি।’
মরিনহো অবশ্য এদিন স্বভাববিরুদ্ধভাবে পাল্টা তোপ দাগলেন না। তবে পেলেগ্রিনির নামটা দুবার ভুল উচ্চারণ করে খোঁচা কিন্তু ঠিকই দিলেন, ‘পেলেগ্রিনো সব সময় বলে, ও আমাকে বা আমার দল নিয়ে কিছু বলে না, কিন্তু সে বলছেই। আমি ওর কথা নিয়ে কোনো মন্তব্য করব না।’
৫টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকাটাই হয়তো এমন সংযমী করে থাকতে পারে মরিনহোকে। চেলসির পয়েন্ট ১৩, সাড়ে চার বছরে এই প্রথম টানা চার ম্যাচ জয়হীন কাটানো সিটি ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। এএফপি।