চেলসির হাতেই শিরোপা দেখছেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির হাতেই শিরোপা দেখছেন গার্দিওলা। ছবি-এএফপি
চেলসির হাতেই শিরোপা দেখছেন গার্দিওলা। ছবি-এএফপি

তাঁর দল বড় ব্যবধানে জিতেছে। ওদিকে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করেছে হাল সিটির সঙ্গে। এমন দিনটা তো বেশ খুশিরই হওয়ার কথা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার জন্য। কিন্তু ওয়েস্ট হামকে ৪-০ গোলে হারানোর পর সিটি কোচের কথা শুনে মনে হলো, খুব একটা উচ্ছ্বসিত নন! 

আর উচ্ছ্বাস বেশি হবেই বা কেন? জেতার পরও তো প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে সিটি। ২৩ ম্যাচে সিটির সমান ৪৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে হোসে মরিনহোর ইউনাইটেড। টটেনহাম ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৭ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আর্সেনাল তৃতীয়। আর ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। শিরোপার লড়াই তাই এখনই প্রায় শেষ হয়ে গেছে বলে মনে করেন গার্দিওলা। তাঁর মতে, চেলসি যদি নিজেরা ভুল না করে, অন্যদের শিরোপা জেতার আশা না করাই ভালো।
২৩টি করে ম্যাচ হয়ে যাওয়ার পরেই তাই প্রিমিয়ার লিগের শেষটা বলে দিচ্ছেন গার্দিওলা, ‘আমার মনে হয় না চেলসি কোচ আন্তোনিও কন্তের চিন্তার কিছু আছে। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তার দল। এখন শুধু চেলসিই পারে নিজেদের শিরোপা লড়াই থেকে ছিটকে দিতে। অন্যদের কিছু করার নেই।’
তাহলে তাঁর দল সিটির লক্ষ্যটা কী এই মৌসুমে? সেটাও বলে দিলেন গার্দিওলা, ‘আমাদের সঙ্গে তো চেলসির বিশাল ব্যবধান। আমরা মৌসুমের শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে জায়গার জন্য লড়ে যাব।’
এ ছাড়া সম্ভবত আর বেশি কিছু করারও নেই ম্যানচেস্টার সিটির! গোল ডটকম।

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা (শীর্ষ পাঁচ)

ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
১ চেলসি ২৩ ১৮ ২ ৩ ৪৮/১৬ ৫৬
২ টটেনহাম ২৩ ১৩ ৮ ২ ৪৫/১৬ ৪৭
৩ আর্সেনাল ২৩ ১৪ ৫ ৪ ৫১/২৫ ৪৭
৪ লিভারপুল ২৩ ১৩ ৭ ৩ ৫২/২৮ ৪৬
৫ ম্যানচেস্টার সিটি ২৩ ১৪ ৪ ৫ ৪৭/২৮ ৪৬